জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান
জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, দলটির যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়—সেটা কি সম্ভব, প্রশ্ন তোলেন তিনি। আর দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন, সেই প্রশ্নও তোলেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, অতীতে যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলো, তখন ‘ভালো আওয়ামী লীগের’ কেউ কথা বলল না কেন। এখন অনেকেই ভালো সাজার চেষ্টা করছেন বলে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, জাতি আপনাদের ভালো করেই চিনে নিয়েছে, নতুন করে ভালো সাজার চেষ্টা করবেন না।
‘হ্যাঁ’ ভোটের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার সরে এলেও বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে বিরোধীদল সরকারকে বাধ্য করবে এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে তিনি ঘোষণা দেন।
জুলাই আন্দোলন নিয়ে জামায়াত কখনও ক্রেডিট নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ কল্পনাও করেনি যে এভাবে সরকারের পতন হতে পারে।



