জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের
সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার পরিষদ কার্যকর না হলে বিএনপি সরকারের জাতীয় ঐক্যের কোনো উদ্যোগে এনসিপি অংশ নেবে না বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্য সফর শেষে রবিবার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ এ সময় তার দলের অবস্থান তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, তাদের সুস্পষ্ট আহ্বান—সংবিধান সংশোধন কমিটি বাতিল করতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের শপথের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকার ডিসেম্বরে জাতীয় ঐক্য চাইতে পারে। কিন্তু পরে জানুয়ারিতে গিয়ে তারা একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারে। এমন উদ্যোগে এনসিপি থাকবে না।
জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে কয়েকটি দাবি পূরণের শর্তের কথা জানান নাহিদ। এর মধ্যে আছে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা, জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন করা।
বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, বিএনপি দুই দফায় জাতীয় ঐক্য ভেঙেছে। প্রথমবার সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং দ্বিতীয়বার নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে।
তিনি বলেন, নির্বাচনের আগে দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও ক্ষমতায় এসে বিএনপি তা থেকে সরে গেছে।
প্রধানমন্ত্রীর ডাকা সংলাপে অংশ নেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এমন সময়ে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে বিরোধী দল হিসেবে তারা তাতে অবশ্যই সাড়া দেবেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী কী চান, তা শুনতেই তারা বৈঠকে যাচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে বলে জানান তিনি।



