যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত হন। একই দিন উপত্যকার অন্য এলাকাতেও ইসরায়েলি হামলা ও গুলিতে আরও কয়েকজন হতাহত হয়েছেন।
গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকায় গাড়িটি থেকে বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাড়িটিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। সংস্থাটি গাজায় খাবার বিতরণ করে। তবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, গাড়িটি তাদের নয়।
হামলার প্রত্যক্ষদর্শী ও বাস্তুচ্যুত বাসিন্দা আবু জেইন আল-দায়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাড়িটি গাজার দরিদ্র ও তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করত। শিশুদের খাবার ও পানীয় দিতে গাড়িটি একটি স্থানে থামতে যাচ্ছিল, তখনই সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আবু জেইন বলেন, যারাই খাবার বিতরণ করতে আসছেন, তাদের ওপরই হামলা করা হচ্ছে।
এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা নগরী থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, ওই ব্যক্তিকে পরে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়।
আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনো কোনো পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ তাদের প্রতিদিনের বাস্তবতার অংশ হয়ে আছে।
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর তিন বছর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৬।
শীতকালীন আবহাওয়া গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছে, ফিলিস্তিনিরা খাবার রান্না করতে আবর্জনা পোড়াতে বাধ্য হচ্ছেন। ডব্লিউএফপির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজ বলেন, এখন আবর্জনাও ভিজে গেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে মিসরে থাকা এক লাখের বেশি তাঁবু গাজায় পাঠানো যাচ্ছে না। গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক আল-খলিলি বলেন, সামনের দিনগুলো অনিশ্চিত এবং নিত্যপ্রয়োজনীয় মৌলিক জিনিসের অভাব আরও প্রকট হয়ে উঠছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ২২ হাজার শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে যুদ্ধ চলাকালে জন্ম নেওয়া শত শত শিশুও রয়েছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে এ তথ্য প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এক বিবৃতিতে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ২১ হাজার ৯৭৬ শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে ৬১২ শিশুর জন্ম হয়েছে যুদ্ধ চলাকালে। এসব শিশুর মধ্যে ৪৪৮ জন এক বছর বয়স হওয়ার আগেই মারা গেছে।
এদিকে ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো জানিয়েছে, প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু এখনো ইসরায়েলের কারাগারে বন্দি। তাদের অভিযোগ, এসব শিশু নির্যাতন ও অনাহারের শিকার হচ্ছে এবং তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) উভয়ই জানাচ্ছে, গত শুক্রবার রামাল্লার উত্তরে দুরা আল-কার গ্রামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত ব্যক্তির নাম হামজা মাসউদ সালিম আবদো, বয়স ৪২ বছর।

