জীবাশ্ম জ্বালানির উল্লেখ মুছে ফেলায় ভেস্তে গেল কপ৩১, ১৭ বছরে প্রথম চুক্তিহীন জলবায়ু সম্মেলন
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো দুই সপ্তাহের অত্যন্ত বিতর্কিত আলোচনার পরও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি। খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানির সব উল্লেখ মুছে ফেলা এবং তাপমাত্রা বৃদ্ধির প্রশ্নে অপর্যাপ্ত জবাব থাকায় নেতারা তা প্রত্যাখ্যান করেন।
ইউরোপীয় ইউনিয়ন, পানামা এবং কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ কপ৩১ সভাপতির প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। জলবায়ু সংকটে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহায়তা নিয়েও অন্য বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। খসড়ার কিছু অংশে কার্বন ধারণ ও সংরক্ষণের ওপর জোর দেওয়া নিয়েও আপত্তি ওঠে।
কপ৩১-এর তুর্কি সভাপতি মুরাত কুরুম বলেন, ‘মনে হচ্ছে কিছু পক্ষ এই পাঠের (টেক্সট) বিরোধিতা করছে। আমি বুঝতে পারছি, এই পাঠের ওপর কোনো চুক্তি নেই। এ কারণেই এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি।’
প্রায় ২০০টি দেশ জ্বালানি রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক করেছে, যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্পযুগের স্তরের চেয়ে ১.৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার প্রশ্নটি।
আলোচনা শেষ পর্যায়ে এসেও পক্ষগুলো মতপার্থক্য কাটিয়ে উঠতে পারেনি। কোপেনহেগেনের পর ১৭ বছরে এই প্রথম কোনো কপ আলোচনা চুক্তি ছাড়াই শেষ হলো।
ইইউর পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারাঘ ও’ব্রায়েন বলেন, ‘একটি কাঠামোগত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখই না থাকা আমাদের কাছে অগ্রহণযোগ্য। এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন এই পাঠের কঠোর বিরোধিতা করছে।’
পানামা এই চুক্তিকে একটি ‘পশ্চাদপসরণ’ বলে অভিহিত করেছে। মার্শাল দ্বীপপুঞ্জ বলেছে, এই চুক্তি মেনে নেওয়া হবে বিশ্বাসঘাতকতার শামিল। দেশটির আলোচক ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, ‘আমরা এমন কোনো ফলাফল মেনে নেব না, যা আমাদের নিরাপত্তাকে বিপন্ন করে এবং আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে।’
ব্রিটেনের জ্বালানিমন্ত্রী মিয়াত্তা ফানবুলেহ, যিনি কপে তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন, বলেন, ‘পরিস্থিতি সাহসী উচ্চাকাঙ্ক্ষা দাবি করছিল, এবং ঐকমত্যে পৌঁছাতে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা তা করতে পারিনি, এটি অত্যন্ত হতাশাজনক।’
ফ্রান্সের পরিবেশগত রূপান্তরমন্ত্রী মনিক বারবু আরও আগে দিনের বেলায় আক্ষেপ করে বলেন, ‘এই পাঠ আমাদের পেছনে নিয়ে যায়। এটি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সব উল্লেখ মুছে ফেলে, বিজ্ঞানকে দ্বিতীয় সারিতে ঠেলে দেয় এবং এমন ধারণা দেয়, যেন যেসব প্রযুক্তির বড় পরিসরে ব্যবহার এখনো অনিশ্চিত, সেগুলোই সমস্যার সমাধান করে ফেলবে।’
একটি মেরুকরণকারী পাঠ নিয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতা দেখিয়ে দিল, আলোচনা কতটা উত্তপ্ত হয়ে উঠেছে। একই সময়ে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যগুলো ক্রমেই দূরে সরে যাচ্ছে এবং জ্বালানির দামের ধাক্কা, যুদ্ধ ও মুদ্রাস্ফীতি নতুন প্রতিশ্রুতি নেওয়ার ক্ষেত্রে সরকারগুলোর ইচ্ছাকে পরীক্ষার মুখে ফেলেছে।
এই বিশৃঙ্খলা সহ-আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়ার জন্যও একটি ব্যর্থতা। শুরু থেকেই তারা বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর গুরুত্ব তুলে ধরে একটি চুক্তির পক্ষে যুক্তি দিয়েছিল।
জাতিসংঘ সতর্ক করে দেওয়ার পর কপ৩১ ছিল প্রথম জলবায়ু সম্মেলন, যেখানে বলা হয়েছিল বৈশ্বিক উষ্ণতা প্যারিস চুক্তির সবচেয়ে জরুরি লক্ষ্য ১.৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে এবং আরও উষ্ণতা সীমিত করতে প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।
চূড়ান্ত পাঠের একটি প্রাথমিক খসড়ায় লক্ষ্য ছিল, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুতায়িত করা, যেখানে বর্তমানে এই হার ২৩ শতাংশ। তুরস্কসহ কয়েকটি দেশ এই লক্ষ্যের পক্ষে ছিল।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এই সপ্তাহে জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী ২০৩৫ সালে বিশ্ব অর্থনীতির বিদ্যুতায়নের হার ৩০ শতাংশে পৌঁছাবে।
কিন্তু প্রত্যাখ্যাত পাঠে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখই ছিল না—যা তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ। তিন বছর আগে দেশগুলো কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর প্রথম ও একমাত্র চুক্তিতে পৌঁছেছিল। অনেক ছোট দ্বীপরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছিল, পাঠে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমানোর উল্লেখ থাকতে হবে। প্রত্যাখ্যাত পাঠে বিদ্যুতায়নকে ‘পরিষ্কার’ হতে হবে, এমনটাও নির্দিষ্ট করা হয়নি, যা অনেক দেশ দাবি করেছিল।
সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে রাশিয়া বলে, জীবাশ্ম জ্বালানি ধীরে ধীরে বন্ধের কোনো পদক্ষেপ তারা মেনে নিতে পারবে না, যদিও ২০২৩ সালে তারা তাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। সৌদি আরব উন্নত দেশগুলোর ঐতিহাসিক নিঃসরণ এবং অর্থায়নের প্রশ্নে ছাড় দিতে অনিচ্ছার সমালোচনা করে।
আলোচকেরা যখন চূড়ান্ত পাঠে জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না নিয়ে বিতর্কে ব্যস্ত, ঠিক তখন হাজার হাজার মাইল দূরে চীনের শেনজেনে বিশ্বের তিনটি বৃহত্তম জ্বালানি উৎপাদক দেশ—চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া—তেল উৎপাদন বাড়ানোর একটি চুক্তিতে পৌঁছায়।
অন্যান্য অচলাবস্থার বিষয়—বিশেষ করে উষ্ণতা মোকাবিলায় দরিদ্রতম দেশগুলোর জন্য আর্থিক সহায়তা এবং বাতাস থেকে কার্বন ধরার প্রযুক্তি—আলোচনাকে নির্ধারিত সময়ের অনেক পর পর্যন্ত টেনে নিয়ে যায়।
আলোচনায় মূলত পরিকল্পিত কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়েছে। বাকিগুলো আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে, যখন আলোচনা অনুষ্ঠিত হবে ইথিওপিয়ায়। এই বছরের সম্মেলনে কোনো নীতিগত সিদ্ধান্ত বাধ্যতামূলক ছিল না, তবে কপ৩১ সভাপতি একটি চুক্তির ওপর জোর দিয়েছিলেন।
জার্মানির সাবেক জলবায়ু দূত জেনিফার মরগান সাংবাদিকদের বলেন, ‘৩১টি কনফারেন্স অব দ্য পার্টিজের মধ্যে এই প্রথম আমি বলছি, এমন একটি সিদ্ধান্ত না নেওয়াই ভালো, যা আমাদের পেছনে নিয়ে যেত এবং ছোট দ্বীপ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথার বিরুদ্ধে যেত।’
বিশ্বের দেশগুলো প্যারিস চুক্তি গ্রহণের এক দশক পরও এর লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে গ্রিনহাউস গ্যাসের ক্রমবর্ধমান নিঃসরণ এবং পরিচ্ছন্ন জ্বালানির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে।




