চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ

চার বছর পর আবার ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীর মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে পারফর্ম করবেন তিনি।
এর আগে ২০২২ সালে প্রথমবার ঢাকায় পারফর্ম করেছিলেন এই গায়িকা।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটির আয়োজন করছে ই-মেকার্স বাংলাদেশ।
ওটিলিয়ার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ফুয়াদ আল মুক্তাদির, সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।
কনসার্টের খবর জানিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন ওটিলিয়া। সেখানে তিনি জানান, দ্বিতীয়বার বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইতে মুখিয়ে আছেন। এবারের কনসার্টটি দর্শকের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটি এর আগে ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ ও ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আয়োজন করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও আন্তর্জাতিক মানের কনসার্ট উপহার দিতে চায় তারা।
ইতিমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
ভিআইপি টিকিটের দাম ১০ হাজার ৩৫০ টাকা, বিলিয়নেরা জোনের টিকিট ৪ হাজার ১৬০ টাকা এবং জেনারেল টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ টাকা।
কনসার্টের মূল আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। তবে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকে সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়।
গানটির সুবাদে ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তের শ্রোতাদের কাছে পৌঁছে যায় তাঁর জনপ্রিয়তা।




