…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ঢাকায় ফরাসি অপেরার সঙ্গে বাংলা সুরের মিলন, শেষে জাতীয় সংগীতে দাঁড়িয়ে গাইলেন দর্শকেরা

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ফরাসি অপেরার সঙ্গে বাংলা সুরের মিলন, শেষে জাতীয় সংগীতে দাঁড়িয়ে গাইলেন দর্শকেরা
ছবি: সংগৃহীত

ফরাসি অপেরা সংগীতের সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’। ফ্রান্স দূতাবাসের আমন্ত্রণে ঢাকায় আসা দেশটির অপেরাশিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রের পরিবেশনায় শনিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এই আয়োজন হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও আয়োজক কমিটির পৃষ্ঠপোষক জ্যঁ-মার্ক সেরে-শারলে। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যের পর শুরু হয় অপেরার মূল পরিবেশনা। ভেরোনিক পেইনের কণ্ঠের সঙ্গে পিয়ানোয় সংগত করেন ফ্যাব্রিস মেইত্রে। পরিবেশনার আগে বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি অপেরার এমন আয়োজনের অংশ হতে পেরে দুই শিল্পী আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তাঁদের পরিবেশনায় ফুটে ওঠে ফরাসি অপেরার ঐতিহ্য, বৈচিত্র্য ও সৌন্দর্য।

ইউরোপীয় অপেরার সঙ্গে বাংলাদেশের গীতিনাট্য বা পালাগানের কিছুটা মিল রয়েছে। দুই মাধ্যমেই মানুষের প্রেম, আবেগ, আনন্দ-বেদনা, দ্বন্দ্ব ও জীবনের নানা গল্প গানের মধ্য দিয়ে উঠে আসে। তবে অপেরার বিশেষত্ব হলো, এতে সংগীতের পাশাপাশি অভিনয়, সংলাপ, নাটকীয় অভিব্যক্তি ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মঞ্চনাট্য উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে পরিবেশিত কয়েকটি অপেরা ছিল ফরাসি ভাষায়। ভাষাটি অনেক শ্রোতার কাছে পরিচিত না হলেও পরিবেশনার আবেগ ও সুর উপভোগে তা বাধা হয়ে দাঁড়ায়নি। প্রতিটি পরিবেশনার আগে শিল্পীরা ইংরেজিতে সংশ্লিষ্ট অপেরার কাহিনি, চরিত্র ও গানের প্রেক্ষাপট সংক্ষেপে ব্যাখ্যা করেন। এতে ভাষা না বুঝলেও গানের মর্মার্থ ও পরিবেশনার নাটকীয়তা অনুসরণ করতে পেরেছেন দর্শকেরা।

ফরাসি, আমেরিকান ও ইতালীয়—এই তিন ধারায় সাজানো হয় সংগীত পরিবেশনা। ফরাসি পর্বে ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’-এর মতো অপেরার অংশ, আমেরিকান পর্বে ‘পর্গি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’র মতো মিউজিক্যালের অংশ এবং ইতালীয় পর্বে ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’র মতো অপেরার অংশ পরিবেশন করেন দুই শিল্পী। এর মাঝে যুক্ত হয় বাংলা অপেরা সুর ও সংগীতের পরিবেশনা। এসব পরিবেশনায় উঠে আসে পুরাণ, প্রেম, বিরহ, সামাজিক অবস্থান ও মানবজীবনের নানা গল্প।

অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন। ফাঁকে ফাঁকে পিয়ানোয় একক পরিবেশনার পাশাপাশি গানও শোনান ফ্যাব্রিস মেইত্রে। পিয়ানোর মূর্ছনা আর ভেরোনিকের অপেরাধর্মী কণ্ঠের মেলবন্ধনে আয়োজনজুড়ে তৈরি হয় এক ভিন্ন আবহ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকার ফরাসি দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড। দুই দেশের সংগীত ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে একই মঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে ফ্রান্সের দুই শিল্পীকে নিয়ে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। এ সময় মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতা সবাই দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

তিন বছর ধরে দুই দেশে মৌসুমী-ওমর সানী, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন দুজনেই
বিনোদন

তিন বছর ধরে দুই দেশে মৌসুমী-ওমর সানী, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন দুজনেই

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে থাকছেন। মৌসুমী থাকেন যুক্তরাষ্ট্রে, আর ওমর সানী বাংলাদেশে। …

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…

বিনোদন

নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের

নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নত…

বিনোদন

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দেড় বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস…