চট্টগ্রামে ডেঙ্গুতে এ বছর ৪৮ জনের মৃত্যু, তাঁদের ৩৭ জনই নারী ও শিশু

চলতি বছরের শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৭ জনই নারী ও শিশু। অথচ আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যাই সবচেয়ে বেশি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫১৫ জন।
মারা যাওয়া ৪৮ জনের মধ্যে নারী ২৫ জন, শিশু ১২ জন ও পুরুষ ১১ জন। অর্থাৎ মোট মৃত্যুর প্রায় ৭৭ শতাংশই নারী ও শিশু। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩ হাজার ৯৩০ জন, নারী ২ হাজার ৫৯৮ জন এবং শিশু ১ হাজার ৯৮৭ জন।
চট্টগ্রামে চলতি বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন পাঁচজন। অথচ সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম ২২ দিনেই মারা গেছেন আরও ৪৩ জন। বছরের মোট মৃত্যুর প্রায় ৯০ শতাংশই ঘটেছে এই সময়ে।
মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে আক্রান্ত হন ২ হাজার ৪৩০ জন, মারা যান ১৬ জন। অক্টোবরে আক্রান্ত বেড়ে দাঁড়ায় ২ হাজার ৬০৮ জনে, মৃত্যু হয় ১৫ জনের। নভেম্বরের প্রথম ২২ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন, মারা গেছেন ১২ জন।
গত বছরের পুরো নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৭ জন। চলতি নভেম্বরের প্রথম ২২ দিনেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে; গত বছরের পুরো মাসের তুলনায় এবার ইতিমধ্যে ৪৩৪ জন বেশি আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৩৬৭ জন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৮২৭ জন, বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৮৮ জন।
গত বছরের তুলনায় এবার সংক্রমণ বেড়েছে দ্বিগুণের বেশি। গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫০৫ জন; চলতি বছরের একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪ জন, বেড়েছে প্রায় ১০২ শতাংশ। একই সময়ে মৃত্যু ২০ জন থেকে বেড়ে হয়েছে ৩৬ জন।
গত পাঁচ বছরের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২০২৩ সালে। ওই বছর আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন। ২০২৩ সালের পর এবারই সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। সর্বশেষ এক সপ্তাহে নতুন করে ৩৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন আরও চারজন।
সংক্রমণ শুধু নগরে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে উপজেলাগুলোতেও। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৩ হাজার ৯৭৯ জন, উপজেলার বাসিন্দা ৩ হাজার ৬৫৯ জন এবং অন্য জেলা থেকে চিকিৎসা নিতে আসা ৮৭৭ জন। তবে মৃত্যু বেশি উপজেলার বাসিন্দাদের মধ্যে: নগরে ১৫ জন, উপজেলায় ২৩ জন এবং অন্য জেলার ১০ জন চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সীতাকুণ্ডে, ১ হাজার ৩০১ জন, যা উপজেলার মোট আক্রান্তের প্রায় ৩৬ শতাংশ। এরপর কর্ণফুলীতে ৩৭৫ জন, বাঁশখালীতে ২৯৮ জন, রাঙ্গুনিয়ায় ২১৪ জন ও আনোয়ারায় ১৯৯ জন আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গুতে দুই সন্তান হারিয়েছেন কবির ও তাঁর স্ত্রী আমেনা বেগম। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যায় তাঁদের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত (১০)। এরপর ৯ নভেম্বর রাত ১টা ১০ মিনিটে মারা যায় ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর। কবির বলেন, ‘ডেঙ্গুতে একের পর এক মৃত্যু হচ্ছে। কারও টনক নড়ছে না। মশার ওষুধ ঠিকভাবে ছিটানো হচ্ছে না।’
চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ডেঙ্গু ঠেকানোর প্রধান উপায় মশা নিয়ন্ত্রণ। মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত মশা নিধন করতে না পারলে সংক্রমণ চলতেই থাকবে। তাঁর মতে, এ বছর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়েছে।
সিভিল সার্জন জানান, মশার প্রজননস্থল শনাক্ত করতে বিভিন্ন এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফলের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানে ব্যবস্থা নিতে সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসনকে জানানো হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, বালতি ও ছাদে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, জ্বর কমার পরও পেটে ব্যথা ও অতিরিক্ত দুর্বলতাসহ বিপদচিহ্ন দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। জ্বর কমার পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রোগীর অবস্থার অবনতি হতে পারে। ডেঙ্গুর বিপদচিহ্ন সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।




