…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মনজুরুল হক মারা গেছেন, বয়স হয়েছিল ৭৪ বছর

নিজস্ব প্রতিবেদক

জাপানপ্রবাসী সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় জাপানের ফুটাবা শহরে নিজের বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা ও তিন নাতনিসহ আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ভাই প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মনজুরুল হক। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। জাপানেই তাঁকে দাফনের ব্যবস্থা করা হবে।

১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মনজুরুল হক। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।

যুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

১৯৮০-এর দশকের গোড়ায় ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে কাজের মধ্য দিয়ে পেশাজীবন শুরু করেন তিনি। ১৯৯০ সালে বিবিসি ওয়ার্ল্ডের বাংলা বেতার অনুষ্ঠানে প্রযোজক হিসেবে কাজ করতে লন্ডনে যান। ১৯৯৪ সাল থেকে জাপানে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজসহ জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছেন মনজুরুল হক। এ ছাড়া জাপানের এনএইচকে ওয়ার্ল্ড বেতার সম্প্রচারে কাজ করেছেন তিনি।

২০২১ সাল থেকে জাপানের দৈনিক মায়ানিচি শিম্বুনে কলাম লিখেছেন তিনি। ১৯৯৮ সালে প্রথম আলো প্রকাশের পর থেকেই পত্রিকাটির টোকিও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংবাদ সংগ্রহের কাজে জাপানের ৪৭টি জেলার সব কটিতে ভ্রমণ করেছেন তিনি।

জাপানের সম্রাটের আমন্ত্রণে সরাসরি সাক্ষাৎ ও আলাপের সুযোগ পাওয়া বিরল বিদেশি সাংবাদিকদের একজন ছিলেন তিনি। ২০২৫ সালে জাপানে কর্মরত বিদেশি সাংবাদিক হিসেবে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পান মনজুরুল হক। জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখাসহ বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

জাপান ফরেন করেসপনডেন্টস ক্লাবের (এফসিসিজে) আজীবন সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালে ক্লাবটির সভাপতি এবং বিভিন্ন সময়ে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলায় প্রকাশিত তাঁর গ্রন্থের মধ্যে রয়েছে ‘রবীন্দ্রনাথের জাপান’, ‘জাপানে রবীন্দ্রনাথ’, ‘হিরোশিমা নাগাসাকির কথা’ ও ‘আমার জাপান জীবনের স্মৃতি’। এ ছাড়া হায়দার আলী খানের সঙ্গে যৌথভাবে ‘গিয়োম আপোলিনেয়ারের কবিতা: অশ্রুভেজা চোখে করাঘাত’ এবং মতিউর রহমানের সঙ্গে ‘চে: বন্দুকের পাশে কবিতা’ প্রকাশিত হয়েছে। কসমস বুকস থেকে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণাবিষয়ক তাঁর দুই খণ্ডের গ্রন্থ ‘আ স্টোরি অব মাই টাইম’ এবং ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার’।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, দ্বীপের কেন্দ্রগুলোতে অনিশ্চিত দিন
প্রবাস

গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, দ্বীপের কেন্দ্রগুলোতে অনিশ্চিত দিন

সমুদ্রপথে গ্রিসে পৌঁছে আশ্রয় চেয়ে আটকা পড়েছেন হাজারের বেশি বাংলাদেশি। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম…

প্রবাস

মক্কায় যাত্রা শুরু বাংলাদেশি পোশাক ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’-এর, পাইকারি কার্যালয় জেদ্দায়

সৌদি আরবের স্থানীয় ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি পোশাকের ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’। সাশ্রয়ী দাম, উন্নত মান ও আরামদায়ক কাপড়ের কারণ…

প্রবাস

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলী…

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান
প্রবাস

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান

চাঁদপুরের কচুয়া উপজেলার মহিন খান দুবাইয়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর দেশে ফিরেছেন কফিনবন্দি হয়ে। আবুধাবির একটি মরুভূমি থেকে তার মরদেহ উদ্ধার কর…