…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, দ্বীপের কেন্দ্রগুলোতে অনিশ্চিত দিন

নিজস্ব প্রতিবেদক
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, দ্বীপের কেন্দ্রগুলোতে অনিশ্চিত দিন
ছবি: সংগৃহীত

সমুদ্রপথে গ্রিসে পৌঁছে আশ্রয় চেয়ে আটকা পড়েছেন হাজারের বেশি বাংলাদেশি। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। এথেন্সকেন্দ্রিক বাংলাদেশ-সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এ সংখ্যা আরও বেশি হবে।

গ্রিসের লেরোস, কোস, সামোস ও লেসবোস দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। তাঁদের দাবি, ৮ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন দ্বীপে আটকা আছেন।

গ্রিক সরকার ইতিমধ্যে আশ্রয় চেয়ে আবেদনকারীদের মধ্যে দুই হাজার বাংলাদেশির আটক থাকার বিষয়টি গত সপ্তাহে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে। আটক বাকিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে; সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রিক সরকার দূতাবাসকে অবহিত করবে। ঢাকার সরকারি একটি সূত্র জানিয়েছে, অনিয়মিত পথে গ্রিসে গিয়ে অনেক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার কথা উল্লেখ করে একটি প্রতিবেদন বাংলাদেশ সরকারও পেয়েছে।

খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরের তানভীর আহমেদ হাদীর গ্রিসে যাওয়ার জন্য ১৪ লাখ টাকা জোগাড় করতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি। কিন্তু যে কাজের আশায় দেশ ছেড়েছিলেন, তা জোটেনি। এখন গ্রিসের লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে দিন কাটছে তাঁর। খাবারের খরচ জোগাতে এখনো বাড়ি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হয়।

তানভীরের অভিযোগ, আটককেন্দ্রে দিনে একবার যে খাবার দেওয়া হয়, তা অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। বাড়ি থেকে টাকা না পাঠালে না খেয়ে থাকতে হবে বলে জানান তিনি।

তানভীর ২০২৪ সালে এসএসসি পাস করেন। তাঁর ছোট ভাই ও বোন এখনো পড়ছে। পড়ালেখা শেষ করেও অনেককে বেকার থাকতে দেখেছেন তিনি। তাঁর ধারণা ছিল, দেশে ভালো চাকরি জোগাড় করতেও লাখ লাখ টাকা লাগবে। তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাঁকে টাকা দিয়েছিলেন, তিনি মূল দালালের সহযোগী; মূল দালালের নামও তাঁর জানা ছিল না।

তানভীরের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারির দিকে। প্রথমে ওমরাহ করতে সৌদি আরবে যান। ছয় দিন পর সেখান থেকে উড়োজাহাজে মিসর, এক রাত পর লিবিয়া। তানভীর জানান, বেনগাজিতে দালালের লোকজন তাঁদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। কখনো একজনের খাবার পাঁচজন ভাগ করে খেয়েছেন।

কয়েক মাস পর একদিন গাড়িতে করে তাঁদের সাগরপাড়ে নেওয়া হয়। দালাল তাঁকে কাঠের নৌকার কথা বলেছিলেন। তীরে গিয়ে দেখেন, বাতাসভরা রাবারের নৌকা। তাতেই ওঠেন ৫৭ জন। সেদিন আবহাওয়া খারাপ ছিল। নৌকায় পানি ঢুকে সঙ্গে নেওয়া শুকনা খাবার নষ্ট হয়ে যায়। পান করার মতো সামান্য পানি ছিল। নৌকা থেকে পানি সেচতে সেচতে ৪৬ ঘণ্টা পর তাঁরা গ্রিসের তীরে পৌঁছান।

তীরে নামার ঘণ্টা দুয়েকের মধ্যে পুলিশ তানভীরদের সবাইকে একটি আটককেন্দ্রে নিয়ে যায়। দুই দিন পর নেওয়া হয় লেরোস দ্বীপে। তানভীর জানান, তখন তাঁকে বলা হয়েছিল, ১২ সপ্তাহ পর কাজের ব্যবস্থা হবে। পরে সাক্ষাৎকার নিয়ে জানানো হয়, তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। এখন তাঁকে স্বেচ্ছায় দেশে ফেরার কথা বলা হচ্ছে।

কোস দ্বীপের একটি আটককেন্দ্রে আছেন ভৈরবের সম্ভুপুরের অজিব রহমান। তাঁর গ্রিসে পৌঁছাতে মোট খরচ হয়েছে ২৬ লাখ টাকা। গত বছরের ডিসেম্বরে দেশ ছেড়ে দুবাই ও মিসর হয়ে ভ্রমণ ভিসায় লিবিয়ায় যান তিনি। লিবিয়ায় পৌঁছানোর আগেই তাঁর বাবা মারা যান। সেখানে থাকার সময় খবর পান, মা-ও মারা গেছেন। প্রায় পাঁচ মাস পর নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা দেন। অজিব জানান, সাগরে তাঁরা পথ হারিয়েছিলেন। পাঁচ দিন পর ডেনমার্কের একটি জাহাজ তাঁদের উদ্ধার করে গ্রিসে নিয়ে আসে।

অজিব রহমান বলেন, তাঁকে প্রথমে তিন মাস আটক রাখার কথা বলা হয়েছিল। পরে জানানো হয় এক বছরের কথা। তাঁর হিসাবে, প্রায় সাত মাস ধরে তিনি আটক আছেন। দেশে তাঁর স্ত্রী ও আট মাসের মেয়ে আছে। জমি বিক্রি করে গ্রিসে যাওয়ার টাকা জুগিয়েছেন; আর কোনো জমিও নেই। কোনো রোজগার ছাড়াই ফিরে সংসার চালাবেন কী করে, সেই দুশ্চিন্তায় সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।

আরেকটি দ্বীপের আটককেন্দ্রে আছেন শহিদুল ইসলাম। তাঁর সব মিলিয়ে খরচ হয়েছে ১৯ লাখ টাকা। দুই মাস ধরে তিনি আটক আছেন। এই দুই মাসে তাঁর খরচ বাবদ আরও দেড় লাখ টাকা পাঠিয়েছে পরিবার। তাঁর বড় ভাই চট্টগ্রামের মোহাম্মদ খোকন বলেন, ভাইকে গ্রিসে পাঠাতে সাত লাখ টাকা ঋণ নিয়েছেন তিনি, কিছু জমিও বিক্রি করেছেন। খোকন বলেন, ‘কী করব বুঝতে পারছি না। এমন কোনো সম্পদ নাই যে দেশে এসে কিছু করবে।’

আটকে থাকা বাংলাদেশিদের কাউকে তিন মাস, কাউকে ছয় মাস, আবার কাউকে এক বছর রাখার কথা জানানো হয়েছে বলে ভুক্তভোগীদের ভাষ্যে উঠে এসেছে। লেরোস, সামোস, কোস ও লেসবোস দ্বীপের অভিবাসী কেন্দ্রগুলোয় প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রিত। কোসে পুলিশের আলাদা আটককেন্দ্রও আছে। আর সিনতিকির কেন্দ্রটি উত্তর গ্রিসের মূল ভূখণ্ডে অবস্থিত।

দালালের খপ্পরে পড়ে গ্রিসে যেতে খরচ হচ্ছে ১৪ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত। অথচ আশ্রয়ের আবেদনে প্রথম ধাপে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশের কম। চলতি বছরের প্রথম ৯ মাসে আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে বাংলাদেশিদের সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে। একই সময়ে প্রথম ধাপে যেসব আবেদনের সিদ্ধান্ত হয়েছে, তাতে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশের কম।

গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গত শনিবার বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মানুষ সমুদ্রপথে গ্রিসে আসছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় এখন বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না। গ্রিস ২০২১ সালে বাংলাদেশকে ‘নিরাপদ উৎসদেশের’ তালিকায় রেখেছে। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর ইউরোপীয় ইউনিয়নের তালিকাতেও বাংলাদেশ রয়েছে। তবে দেশে ফিরলে কোনো আবেদনকারী ব্যক্তিগতভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়বেন কি না, তা বিবেচনার সুযোগ আছে। শুধু কাজের অভাব আশ্রয় পাওয়ার ভিত্তি নয়।

অনিয়মিত পথে এসে আটকা পড়াদের বিষয়ে গ্রিক সরকার কী ভাবছে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ভূমিকা নেই। যাঁরা বৈধভাবে আসছেন, তাঁদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’ দূতাবাস সূত্র জানায়, আটক বাংলাদেশিদের মধ্যে যাঁরা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাঁদের গ্রিক সরকার সহায়তা করবে। ফেরার প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাসও সহযোগিতা করবে।

দূতাবাসের হিসাবে, গ্রিসে বৈধভাবে আছেন প্রায় ২৪ হাজার বাংলাদেশি। দুই দেশের সমঝোতা অনুযায়ী, বছরে সর্বোচ্চ চার হাজার বাংলাদেশির কাজ নিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ আছে। তবে এ পথে কর্মী যাচ্ছেন কম। রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা সম্প্রতি সে দেশের অলিম্পিয়া ফোরামে জানান, প্রশাসনিক ও ভিসার জটিলতায় দুই বছরে এই ব্যবস্থায় ৫০০ জনের কম কর্মী গ্রিসে পৌঁছাতে পেরেছেন।

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, গ্রিসে সচ্ছলভাবে আছেন, এমন কিছু বাংলাদেশি দেশে স্বজনদের বলেন, ভালো থাকতে হলে ঝুঁকি নিতে হয়। ভালো আয়ের প্রলোভনও তাঁদের টানে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘যাঁরা অবৈধভাবে গ্রিসসহ বিভিন্ন দেশে যাচ্ছেন, তাঁদের এভাবে যেতে আমরা উৎসাহিত করছি না। প্রত্যেককেই আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে দেশের বাইরে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।’ এভাবে বিদেশে যাওয়া ব্যক্তিদের অনেকে দেশে ফিরছেন বলেও জানান তিনি।

লিবিয়াসহ উত্তর আফ্রিকা থেকে অনিয়মিতভাবে সমুদ্রপথে আসা মানুষের আশ্রয়ের আবেদন নিবন্ধন এক দফা স্থগিত করেছিল গ্রিস। ওই স্থগিতাদেশ ছিল ২০২৫ সালের ১৪ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মনজুরুল হক মারা গেছেন, বয়স হয়েছিল ৭৪ বছর

জাপানপ্রবাসী সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় জাপানের ফুটাবা শহরে নিজের বাসায় তিন…

প্রবাস

মক্কায় যাত্রা শুরু বাংলাদেশি পোশাক ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’-এর, পাইকারি কার্যালয় জেদ্দায়

সৌদি আরবের স্থানীয় ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি পোশাকের ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’। সাশ্রয়ী দাম, উন্নত মান ও আরামদায়ক কাপড়ের কারণ…

প্রবাস

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলী…

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান
প্রবাস

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান

চাঁদপুরের কচুয়া উপজেলার মহিন খান দুবাইয়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর দেশে ফিরেছেন কফিনবন্দি হয়ে। আবুধাবির একটি মরুভূমি থেকে তার মরদেহ উদ্ধার কর…