দশ বছরের মধ্যে অর্ধেকেরও কম পরিবার বিবিসির লাইসেন্স ফি দেবে, সতর্ক করল প্রতিবেদন

আগামী দশ বছরের মধ্যে ব্রিটেনের অর্ধেকেরও কম পরিবার বিবিসির লাইসেন্স ফি দেবে বলে এক বিশ্লেষণে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রচার সংস্থাটির তহবিল ‘পতনের চক্রে’ আটকে গেছে।
স্বাধীন অনুমান অনুযায়ী, বর্তমান তহবিল কাঠামো বহাল থাকলে ২০৩৭-৩৮ সালের মধ্যে লাইসেন্স ফি দেওয়া পরিবারের অনুপাত আরও কমে এক-তৃতীয়াংশের নিচে নেমে যাবে।
সংস্কৃতি সচিব লিসা ন্যান্ডি লাইসেন্স ফিতে প্রস্তাবিত পরিবর্তন প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন, যার ফলে স্ট্রিমিং সেবা দেখেন এমন যে কেউ ফি দিতে বাধ্য হবেন। বর্তমানে শুধু যাঁরা সরাসরি টিভি দেখেন বা বিবিসির আইপ্লেয়ার ব্যবহার করেন, তাঁদেরই ফি দিতে হয়।
স্বনামধন্য স্বাধীন মিডিয়া পরামর্শক সংস্থা অলিভার অ্যান্ড ওলবাম অ্যাসোসিয়েটসের অনুমান অনুযায়ী, আয় কমে যাওয়া ও শক্তিশালী কনটেন্টে কম খরচের এই চক্র ‘টেকসই নয়’।
অনুমানে দেখা গেছে, গত বছর ৭৭ শতাংশ পরিবার যে লাইসেন্স ফি দিয়েছে, তার আয় ২০৩৭-৩৮ সালের মধ্যে বাস্তব হিসাবে বর্তমানের অর্ধেকেরও কম হতে পারে। ওই সময়ই সম্প্রচার সংস্থাটির তহবিল কাঠামো আবার আলোচনার মুখে পড়বে।
বিবিসির নিজস্ব অভ্যন্তরীণ লাইসেন্স ফি আয়ের মডেলও হতাশাজনক বলে জানা গেছে। সংস্থাটি ইতিমধ্যে অনুষ্ঠান ও কর্মী ছাঁটাইয়ের মতো বেদনাদায়ক কাটছাঁট করছে।
ন্যান্ডির প্রস্তাবিত নতুন তহবিল কাঠামো বিবিসির পরবর্তী ১০ বছরের সনদের অংশ হতে পারে এবং এটি বছরের শেষের আগেই প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
স্ট্রিমারদের ওপর লাইসেন্স ফি সম্প্রসারণ বিবিসিকে আরও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবে। তবে নেটফ্লিক্স, ডিজনি, অ্যামাজন ও ইউটিউবের মতো বড় স্ট্রিমার এবং তাঁদের গ্রাহকদের কাছে এটি বিতর্কিত হবে।
বিবিসির জন্য পরিবারভিত্তিক লেভির মতো আরও আমূল প্রস্তাব ইতিমধ্যে রাজকোষ রাজনৈতিকভাবে অসম্ভব বলে বাতিল করেছে।
সব মিডিয়া কোম্পানির মতো বিবিসিও নানা চাপের মুখে রয়েছে। টেলিভিশন তৈরির খরচ বিপুল বেড়েছে, আর স্ট্রিমার ও ডিজিটাল প্ল্যাটফর্মের আগমন দর্শকদের দেখার অভ্যাস বদলে দিয়েছে।
এদিকে গত এক দশকে লাইসেন্স ফি জমিয়ে রাখা এবং আগের সরকারগুলোর চাপিয়ে দেওয়া বাড়তি খরচের কারণে বিবিসির খরচের সক্ষমতা কমেছে।
রিসেট টেক থিংকট্যাংকের বিবিসি-বিষয়ক প্রতিবেদনে থাকা নতুন স্বাধীন অনুমানে দেখা গেছে, কেন সম্প্রচার সংস্থার নেতৃত্ব ও মন্ত্রীরা মনে করছেন বর্তমান অবস্থা চলতে পারে না।
গবেষণায় বলা হয়েছে, পরবর্তী সনদ পর্যালোচনার সময়ের মধ্যে বিবিসির টিভি কনটেন্টে খরচ অর্ধেকেরও বেশি কমে যাবে। টিভি সেটের মাধ্যমে বিবিসি দেখা প্রতি ব্যক্তির দৈনিক সময় ২০২৪-২৫ সালের ৪৬ মিনিট থেকে কমে ২০৩৭-৩৮ সালে ২৩ মিনিটে দাঁড়াবে। রাজস্ব বাস্তব হিসাবে ৩৮০ কোটি পাউন্ড থেকে কমে ১৬০ কোটি পাউন্ড হবে।
বিবিসি এখনো যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত মিডিয়া ব্র্যান্ড, প্রতি মাসে ৯৪ শতাংশ প্রাপ্তবয়স্কের কাছে পৌঁছায়। তবে অনুমানে বলা হয়েছে, ২০৩২-৩৩ সালে ইউটিউব টিভি সেটের মাধ্যমে বিবিসি দেখার পরিমাণকে ছাড়িয়ে যেতে পারে।
অনুমান করা হয়েছে, ২০৩৩-৩৪ সালের মধ্যে অর্ধেকের বেশি পরিবার লাইসেন্স ফি দেবে না। লাইসেন্স ফি না দেওয়ার হার ইতিমধ্যে ২০১৫ সালের প্রায় ৯ শতাংশ থেকে বেড়ে গত বছর প্রায় ২৩ শতাংশে পৌঁছেছে, আর এই প্রবণতা ত্বরান্বিত হচ্ছে।
রিসেট টেকের যুক্তরাজ্য পরিচালক ডিলান স্পার্কস বলেন, প্রতিবেদনটি নিশ্চিত করেছে যে বিবিসির বর্তমান তহবিল কাঠামো ভেঙে গেছে। তিনি বলেন, ‘বিবিসি একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং এটি শুধু টিকে থাকা নয়, আগামী দশকগুলোতে সমৃদ্ধ হওয়ার জন্য দীর্ঘমেয়াদি সমাধানের দাবিদার।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ সম্পদ রক্ষা করতে এবং বিবিসি সনদ নবায়ন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে একটি সার্বজনীন, সাশ্রয়ী ও টেকসই নতুন তহবিল কাঠামো নিয়ে আসার আহ্বান জানাই।’
বিবিসির একজন মুখপাত্র বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে বলে আসছি যে বর্তমান তহবিল কাঠামো টেকসই নয় এবং এর সংস্কার প্রয়োজন। আমরা আগামী প্রজন্মের জন্য দর্শকদের সেবা দিতে যথেষ্ট, টেকসই ও সার্বজনীন তহবিল দেয় এমন একটি নতুন সনদ নিশ্চিত করতে সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।’


