স্পেনের প্রধানমন্ত্রী হতে চান রক্ষণশীল নেতা ফেইহো, ভোটের আগে দ্বিমুখী কৌশলে পিপি
স্পেনের ২৯ নভেম্বরের নির্বাচনের আগে রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করছেন। গত সপ্তাহে টেলিভিশনে প্রচারিত বিতর্কে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, তিনি জানেন কীভাবে সরকারি অবকাঠামো পরিচালনা করতে হয় এবং সংকট সামলাতে হয়।
একই বিতর্কে ফেইহো সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে তীব্র ভাষায় আক্রমণ করে তাঁকে মানব পাচারকারীদের জন্য উপহার বলে অভিযুক্ত করেন। বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ওরিওল বার্তোমেউস বায়েস বলেন, সেখানে দুজন ফেইহোকে দেখা গেছে—একজন সংযত ব্যবস্থাপক, অন্যজন কট্টর ডানপন্থি রাজনীতিক।
জনমত জরিপে পিপি সানচেজের সমাজতান্ত্রিক দল পিএসওইর চেয়ে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে আছে। কট্টর ডানপন্থি ভক্স দল জরিপে তৃতীয় অবস্থানে রয়েছে এবং সরকার গঠনে ফেইহোর প্রয়োজনীয় সংসদীয় ভোট তারা জোগাতে পারে।
৬৫ বছর বয়সী ফেইহো রাজনীতিতে আসার আগে পেশাগত জীবনে সরকারি কর্মচারী ছিলেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওরেনসেতে জন্ম নেওয়া ফেইহো গালিসিয়ার স্বাস্থ্য সেবায় উচ্চপদে কাজ করেছেন এবং পরে স্পেনের রাষ্ট্রীয় ডাক সেবা পরিচালনা করেছেন।
তিনি ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত গালিসিয়ার আঞ্চলিক সরকারের নেতৃত্ব দেন এবং টানা চারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হন। ওই সময়ে তিনি সক্ষম প্রশাসক হিসেবে খ্যাতি অর্জন করেন এবং তাঁর জনসমক্ষে আচরণ ছিল পরিমিত।
২০২২ সালে পিপি যখন ফেইহোকে নেতা নির্বাচিত করে, তখন তাঁর নির্বাচনকে দলের মধ্যপন্থিদের জয় হিসেবে দেখা হয়েছিল। কিন্তু দলের ডানদিকে থাকা প্রতিদ্বন্দ্বী ভক্স ভোটারদের টেনে নেওয়ায় ফেইহো অভিবাসন বিষয়ে কঠোর ভাষা ব্যবহার করতে শুরু করেন এবং দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষমতাসীন সমাজতান্ত্রিকদের ওপর আক্রমণ বাড়ান।
জুলাইয়ে মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছিটমহল সেউতায় সীমান্ত সংকটের পর হাজার হাজার মানুষ স্পেনের ভূখণ্ডে প্রবেশ করলে ফেইহো সেই মুহূর্তটি কাজে লাগিয়ে সানচেজের পরিস্থিতি সামলানোর ধরন নিয়ে কঠোর সমালোচনা করেন।
২০২৩ সালের নির্বাচনে ফেইহোর পিপি ১৩৭টি আসন নিয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছিল। কিন্তু ভক্সের সমর্থন থাকা সত্ত্বেও দুই দল মিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬ আসনের চেয়ে চারটি কম পেয়েছিল। দ্বিতীয় হওয়া পিএসওই ১২১টি আসন নিয়ে কট্টর বাম গোষ্ঠীগুলোর সঙ্গে জোট চুক্তি করে এবং কাতালান ও বাস্ক বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সমর্থন নিয়ে সানচেজ প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করেন।
ভক্স এবার ১৮ শতাংশ পর্যন্ত ভোট এবং ৬৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৩ সালের ফলাফলের প্রায় দ্বিগুণ। পিপির আসন ১২৭টি হতে পারে বলে আভাস মিলেছে, আর পিএসওই পেতে পারে ১১৯টি আসন। সে হিসাবে পিপি ও ভক্স মিলে ১৯০ আসনের আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
ফেইহো বলেছেন, তিনি চান পিপি ভক্সের সংসদীয় সমর্থন নিয়ে এককভাবে সরকার চালাক, তবে কট্টর ডানপন্থি দলটির সঙ্গে আনুষ্ঠানিক জোটের সম্ভাবনাও তিনি খোলা রেখেছেন। ভক্স ইতিমধ্যে আন্দালুসিয়া, আরাগন, কাস্তিল ও লিওন এবং এক্সত্রেমাদুরা—এই চার অঞ্চলে পিপির সঙ্গে যৌথভাবে সরকার চালাচ্ছে।


