…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ, সোমবার সকাল থেকে ৩০০-৩৫০ মেগাওয়াট পরীক্ষামূলক সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ, সোমবার সকাল থেকে ৩০০-৩৫০ মেগাওয়াট পরীক্ষামূলক সরবরাহ
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে আবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রটি এখনই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাচ্ছে না; মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্যই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন বলেন, দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হলো সোমবার সকাল ১০টা ২০ মিনিটে। এবার ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে এটি কমিয়ে ৩০০ মেগাওয়াটে নামানো হয়। টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটি থেকে সরবরাহ বন্ধ করা হয়।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। আগের দফায়ও কিছু পরীক্ষা করা হয়েছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা হয় গত মঙ্গলবার। নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমানো বা বাড়ানো হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্র আরও বলছে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনার কোম্পানি পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি নজরদারি করবেন।

উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। তাই পরীক্ষা শেষে পাওয়া ফলাফলের প্রতিবেদন বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ চলবে।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠে বাংলাদেশের।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীন পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। সব মিলিয়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ধূপখোলা মাঠে ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তির মহাসম্মেলন, ২০ হাজার ফুজালা পাচ্ছেন সম্মাননা পাগড়ি
জাতীয়

ধূপখোলা মাঠে ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তির মহাসম্মেলন, ২০ হাজার ফুজালা পাচ্ছেন সম্মাননা পাগড়ি

রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হচ্ছে রাজধানীর ধূপখোলা মাঠ…

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা, ৭ ডিসেম্বর আসছেন ঢাকায়

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর এই সফরকে সামনে রেখে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ গেজ…

দেড় বছরে টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা হবে এক লাখ টন, উদ্যোগ সরকারের
জাতীয়

দেড় বছরে টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা হবে এক লাখ টন, উদ্যোগ সরকারের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদামজাতকরণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে স…

বেনাপোলসহ যশোরের ৭২ কিলোমিটার সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল
জাতীয়

বেনাপোলসহ যশোরের ৭২ কিলোমিটার সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

যশোরের বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় দিন-রাত সতর্ক টহল চলছে।…