ধূপখোলা মাঠে ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তির মহাসম্মেলন, ২০ হাজার ফুজালা পাচ্ছেন সম্মাননা পাগড়ি

রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হচ্ছে রাজধানীর ধূপখোলা মাঠে। সোমবার ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে বুধবার ২৫ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে।
এই আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য আলেমদের হাত থেকে প্রায় ২০ হাজার ফুজালা—হাফেজ, আলেম ও মুফতি—সম্মাননা পাগড়ি বা ‘দস্তারে ফজিলত’ গ্রহণ করবেন।
আয়োজনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানিয়েছেন, প্রায় ২০ হাজার ফুজালাকে নিয়ে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের এটিই প্রথম এত বড় আয়োজন। মহাসম্মেলনকে কেন্দ্র করে ধূপখোলা মাঠসহ পুরান ঢাকার অলিগলি ধর্মপ্রাণ মুসল্লি ও ফুজালাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে বলে তিনি জানান।
সোমবার বিকেল ৪টায় জামিয়া ফরিদাবাদের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল। প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে সম্মাননা পাগড়ি পরানোর কথা রয়েছে।
প্রথম দিনের আলোচনায় অংশ নেবেন পাকিস্তান জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ।
প্রথম দিন বিকেলে সরাসরি ভিডিও অথবা লাইভ কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের হাদিসের দরস প্রদান করবেন মুফতি তাকি উসমানি।
আমন্ত্রিত অতিথি ও আলোচকদের তালিকায় রয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি, পাকিস্তানের মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি ও মাওলানা ফয়সাল নাদিম এবং ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি ও মাওলানা সাইয়িদ আজহার মাদানি।
দেশের আলেমদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী, বেফাক আমির মাওলানা মাহমুদ হাসান, মাওলানা নুরুল ইসলাম আদিব, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
মহাসম্মেলন সফল করতে প্রায় আট একর বিস্তৃত ধূপখোলা মাঠ প্রস্তুত করা হয়েছে। বিদেশি অতিথিদের অনেকে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং সারা দেশ থেকে ফুজালা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন। মাঠে স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল, স্বেচ্ছাসেবক কাউন্টার, তাৎক্ষণিক নিবন্ধন কাউন্টার ও মিডিয়া কাউন্টারসহ প্রবেশপথের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্মেলন উপলক্ষে জামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ প্রায় সাড়ে চার শ পৃষ্ঠার ‘৭০ সালা স্মারক’ প্রকাশ করেছে। বরেণ্য লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনসহ অভিজ্ঞ সম্পাদনা পরিষদের প্রচেষ্টায় তৈরি স্মারকটিতে ১৯৫৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত জামিয়ার পরিচিতি, মুতাওয়াল্লি, মুহতামিম ও শায়খুল হাদিসদের জীবনী, শীর্ষ আলেমদের নিবন্ধ এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা স্থান পেয়েছে।
৪৫০ টাকা শুভেচ্ছা বিনিময়ে স্মারকগ্রন্থটি সংগ্রহ করা যাবে। এটি জামিয়ার মুখপাত্র মাসিক ‘নেয়ামত’-এর অফিস এবং ধূপখোলা মাঠের দস্তারবন্দী মহাসম্মেলন প্রাঙ্গণে পাওয়া যাবে।



