৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: কোন খাতের ব্যবসায়ী কোথা থেকে ঋণ পাবেন
সরকার ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে কীভাবে ঋণ পাওয়া যাবে, কোন খাতের উদ্যোক্তারা এই সুবিধার আওতায় আসবেন এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ মিলবে, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই প্যাকেজে রয়েছে ১৫টি বিশেষ কর্মসূচি। এর মাধ্যমে বন্ধ শিল্পকারখানা সচল করা থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি, রপ্তানি ও পরিবেশবান্ধব শিল্পে অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
সম্প্রতি এই প্যাকেজের ঋণ পাওয়ার শর্তে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ঋণখেলাপির বিরুদ্ধে দায়ের করা মামলা বা রিটের কার্যক্রম আদালত স্থগিত করলে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাও এই প্যাকেজ থেকে ঋণ নিতে পারবেন। গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর এ বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মসূচিতে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য পুনঃঅর্থায়নের ব্যবস্থা রয়েছে। আর্থিক সংকটে বন্ধ হয়ে যাওয়া কারখানা ও সেবা প্রতিষ্ঠান পুনরায় চালু করতে এই কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য রাখা হয়েছে চলতি মূলধন সরবরাহের ব্যবস্থা। ব্যবসার দৈনন্দিন খরচ, উৎপাদন ও পরিচালন কার্যক্রম সচল রাখতে এই অর্থ ব্যবহার করা যাবে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্যও রয়েছে বিশেষ পুনঃঅর্থায়ন কর্মসূচি। এর লক্ষ্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে রাখা হয়েছে তিন হাজার কোটি টাকার তহবিল।
রপ্তানিমুখী উদ্যোক্তাদের জন্য রয়েছে রপ্তানি বহুমুখীকরণ ও প্রি-শিপমেন্ট ক্রেডিট সুবিধা। এ ছাড়া পরিবেশবান্ধব কারখানা ভবন ও সবুজ শিল্প গড়ে তুলতে, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য রপ্তানি এবং সৃজনশীল অর্থনীতির উদ্যোক্তাদের জন্যও রয়েছে পৃথক অর্থায়ন কর্মসূচি।
প্যাকেজের সব অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোক্তাদের দেওয়া হবে না। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তারা সহায়তা পাবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বেকার তরুণদের কর্মসংস্থানে সহায়তা এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন খাতের পুনঃঅর্থায়ন ও ঋণ কর্মসূচি ব্যাংকগুলোর মাধ্যমে বাস্তবায়িত হবে।
আগে ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী ঋণখেলাপিদের নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে বাধা ছিল। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ঋণখেলাপির কারণে অনেক বন্ধ কারখানায় নতুন করে ঋণ দেওয়া যাচ্ছিল না; নতুন সিদ্ধান্তে এসব প্রতিষ্ঠানের ঋণপ্রাপ্তি সহজ হবে। এতে শিল্প ও বাণিজ্যে তারল্য বাড়বে এবং ঋণ বিতরণ দ্রুত হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে ঋণখেলাপিদের জন্য এ সুযোগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকেরা। তাঁদের মতে, ঋণখেলাপিদের এভাবে নতুন ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা ঠিক হয়নি।
বেসরকারি খাতের সংকট মোকাবিলা, বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করতে গত মে মাসে ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ব্যাংকগুলো এ প্যাকেজ থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা বিতরণ করেছে, অর্থাৎ মোট বরাদ্দের প্রায় এক-পঞ্চমাংশ।
প্যাকেজের ১৫টি কর্মসূচির মূল লক্ষ্য সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, শ্রমিকদের কাজ ধরে রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতায় সক্ষম করে তোলা।

