আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই সময়, সংসদে ঐক্যের আশা রাশেদ খাঁনের
সারা দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জনমত তৈরি হয়েছে এবং এখনই দলটিকে চিরতরে নিষিদ্ধ করার সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত থাকে, এটাই স্বাভাবিক। তবে আওয়ামী লীগের প্রশ্নে ভিন্নমত থাকতে পারে না।’
তিনি বলেন, আশা করি সংসদের আগামী অধিবেশনে সরকারি দল ও বিরোধী দল সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে এক হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রাশেদ খাঁন বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। ভারতের সঙ্গে মর্যাদার সম্পর্ক চান বলেও তিনি উল্লেখ করেন। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে তিনি বিরোধী দলের সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শুরুর কথাও জানান।


