প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ এনসিপির সঙ্গে যমুনায়, রাজপথে ঐক্য চায় বিএনপি, শর্ত দিয়েছে বিরোধীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তবে অন্য দলগুলোর সঙ্গে বৈঠকের দিনক্ষণ এখনো জানানো হয়নি।
সরকারি ও বিরোধী দল সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে সংলাপ শুরু হচ্ছে, নাকি পরবর্তী সময়ে সব দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সংলাপ হবে, তা গতকাল রোববার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে চায় সরকার। জাতীয় ঐক্যের লক্ষ্যে সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো।
সমকালের খবরে বলা হয়েছে, রাজপথের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো এক থাকলে অন্য কারও কিছু করার সুযোগ নেই—এই বার্তা দেওয়া এবং ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কোনো তৎপরতা চালানোর সুযোগ না দেওয়া এই ঐক্যের উদ্দেশ্য।
জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী জোট ১১ দলের শরিকরা রাজপথে শক্তি দেখানোর কর্মসূচি দিলেও ঐক্যের জন্য আনুষ্ঠানিক সংলাপে বসতে গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিয়েছে বিএনপিকে।
সূত্র জানায়, এনসিপির সঙ্গে বৈঠকের পর পর্যায়ক্রমে অন্য দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিনের বৈঠকে এনসিপির নেতারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার চাইবেন বলে জানা গেছে। ফলে সংলাপের শুরুতেই জাতীয় ঐক্যের প্রত্যাশার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দাবি ও প্রত্যাশার চাপও সামনে আসছে।
আওয়ামী লীগকে সংবিধান থেকেও নিষিদ্ধ করা হবে, নাকি রাজনৈতিক অঙ্গনেই দলটির মোকাবিলা করা হবে, তা নিয়ে ক্ষমতাসীন বিএনপির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সহিংসতার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যে দলটির কার্যক্রম সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্য বিতর্ককে আরও জোরালো করেছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান সংলাপের উদ্যোগ নিয়েছেন। তবে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়া হবে, নাকি নির্বাচন ও আদালতের মাধ্যমে দলটিকে মোকাবিলা করা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
যুগান্তরের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে ‘রিকনসিলিয়েশন’ বা রাজনৈতিক সমঝোতার আলোচনা দেশের রাজনীতিতে ছিল এবং সরকারি দলের শীর্ষ পর্যায়ের কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথাবার্তাও শুরু করেছিলেন। তবে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে সেই সুযোগ পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা না করে আগেই নেতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত। কারণ, সরকারের বিরুদ্ধে জনমনে এখনো বড় ধরনের কোনো অসন্তোষ তৈরি হয়নি এবং সরকারের মেয়াদেরও খুব বেশি পার হয়নি। যে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ও দমন-পীড়নের কারণে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো অনুশোচনা বা ব্যাখ্যা দেয়নি দলটি।
মানবজমিনের খবরে বলা হয়েছে, গত কয়েক দিনের উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, মার্কেট, অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের উপস্থিতি। জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েনের পাশাপাশি চলছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি। এর মধ্যেই গতকাল রোববার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, গ্রেপ্তারও নেই। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং হামলার ভয়ে অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জেলা বিএনপির নেতারা জানিয়েছেন।



