হামে হারিয়ে গেল যমজ দুই শিশু সাফিন ও সাদিল, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে হাম ও হাম-পরবর্তী নানা জটিলতায় মারা গেছে যমজ দুই ভাই মুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিল। সাফিন মারা গেছে ১ নভেম্বর এবং সাদিল মারা গেছে ১৬ নভেম্বর। দুই ভাইকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে চট্টগ্রামের পেকুয়ায় পারিবারিক কবরস্থানে।
সাফিন ও সাদিলের জন্ম গত বছরের ৮ নভেম্বর। সাফিনের ওজন একটু কম ছিল বলে মা-বাবা তাকে ডাকতেন ‘ছোট মিয়া’ আর সাদিলকে ডাকতেন ‘বড় মিয়া’ বলে। সাফিন তার প্রথম জন্মদিনের সাত দিন আগেই মারা যায়, আর সাদিল জন্মদিনের সময়টায় হাসপাতালেই ছিল।
শিশু দুটির বাবা মুহাম্মদ বিন সোয়াদ চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার; পরিবার নিয়ে তিনি বাঁশখালীতেই থাকেন। গত শনিবার মুঠোফোনে তিনি বলেন, ‘এক ছেলে প্রথম জন্মদিনের আগেই মারা গেল। আরেকজন জন্মদিনে হাসপাতালেই ছিল। আমরা তখন শুধু “আল্লাহ, আল্লাহ” করছি!’
জ্বর শুরু হওয়ার পর গত ২৮ অক্টোবর সাদিল ও সাফিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে সাফিন মারা যায়। এরপর সাদিলকে নেওয়া হয় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে, সেখানে ১৬ নভেম্বর তার মৃত্যু হয়।
বাবা জানান, ছেলেদের চিকিৎসায় তিনি কোনো গাফিলতি করেননি—দ্রুত চিকিৎসক দেখানো থেকে শুরু করে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে এনে হাসপাতালে ভর্তি পর্যন্ত সবই করেছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পিআইসিইউ ও লাইফ সাপোর্টের মধ্য দিয়ে ছেলেরা অনেক কষ্ট পেয়ে মারা গেছে বলে তিনি জানান। দুই ছেলের চিকিৎসায় প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে।
জ্বর শুরুর পর থেকে সন্তানদের শারীরিক অবস্থার খবর ফেসবুকে নিয়মিত জানাতেন মুহাম্মদ বিন সোয়াদ; মৃত্যুর খবরও তিনি সেখানেই দেন। সাদিল মারা যাওয়ার পর তিনি লিখেছিলেন, ‘আমার যমজ বাচ্চা আরেকটাও আল্লাহ নিয়ে গেছে...’ তাঁর পাঁচ বছর বয়সী বড় মেয়ে আমিরাতুল সাফা ভালো আছে, তবে দুই ছেলেকে হারিয়ে মা ইশরাত সোলতানা স্বাভাবিক হতে পারছেন না বলে তিনি জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে প্রাণ গেছে ১০৫ জনের; সব মিলিয়ে মৃত্যু ১ হাজার ৩৫২ জনের।
মুহাম্মদ বিন সোয়াদ বলেন, হামে এত মানুষের মৃত্যু হলেও সরকার এদিকে তেমন নজর দিচ্ছে না। তাঁর অভিযোগ, হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা নেই এবং সবচেয়ে বড় সমস্যা হলো হামের রোগীর সঙ্গে অন্য রোগীদের ভর্তি করা হচ্ছে, এতে শুধু জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীরও পরে হাম হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগীর চাপের কথা শুনে সেখানে ছেলেদের ভর্তি করার সাহস পাননি বলে তিনি জানান।
সিঙ্গার কোম্পানি কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজন আর্থিক সহায়তায় এগিয়ে এসেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘ছেলেদের চিকিৎসায় আমাকে টাকার জন্য চিন্তা করতে হয় নাই। বেসরকারি হাসপাতালে ছেলেদের চিকিৎসা করাইতে পারছি। কিন্তু অনেক বাবা-মায়ের পক্ষে তা সম্ভব হইতেছে না। সরকারি হাসপাতালে তো ট্রিটমেন্টই (চিকিৎসা) পাইতেছে না।’
হামের টিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে এই বাবার মনে। তিনি ছেলেদের হামের টিকার কার্ডের ছবি পাঠিয়ে বলেন, ৯ মাস বয়সে ছেলেদের টিকার প্রথম ডোজ দিয়েছিলেন, পরের ডোজ দেওয়ার কথা ছিল ১৫ মাস বয়সে। টিকা দেওয়ার পরও হামে আক্রান্ত হয়ে দুই ছেলের মৃত্যু তাঁকে ভাবিয়ে তুলেছে।




