প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির
দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো মৌলিক বিষয়গুলো চরম অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।
মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মান বাড়ানো।
তিনি আরও জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।



