নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে এল ২৩৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স, বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ
চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে (১ থেকে ২২ নভেম্বর) দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে দেশে ২১৩ কোটি ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল; সে তুলনায় এ বছর ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। এই ধারা বজায় থাকলে চলতি মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলারের চেয়ে ১২ দশমিক ৫ শতাংশ বেশি।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছিল।
চলতি অর্থবছরের মাসওয়ারি হিসাব অনুযায়ী, প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং পরের মাস আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। এরপর সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার (২ দশমিক ৭৬ বিলিয়ন) এবং সদ্যবিদায়ী অক্টোবর মাসে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার; বাংলাদেশি মুদ্রায় অক্টোবরের এই আয়ের পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।



