…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সেগুনবাগিচায় দিনভর বৈঠকেও মেলেনি পোশাকশ্রমিকদের নতুন মজুরির সিদ্ধান্ত, আলোচনা গড়াতে পারে রাত ও মঙ্গলবারেও

নিজস্ব প্রতিবেদক
সেগুনবাগিচায় দিনভর বৈঠকেও মেলেনি পোশাকশ্রমিকদের নতুন মজুরির সিদ্ধান্ত, আলোচনা গড়াতে পারে রাত ও মঙ্গলবারেও
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার দিনভর চললেও কোনো ফলাফল আসেনি। বিকেলে আসরের নামাজের বিরতিতে সভাস্থলের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, প্রয়োজনে রাতেও আলোচনা চলবে। আলোচনার স্বার্থে সভা পরের দিন মঙ্গলবারও গড়াতে পারে।

সকাল সাড়ে ১১টার দিকে মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভাটি আজ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে শুরু হয়। সভায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সভা চলাকালীন দিনভর ভবনের নিচে অবস্থান নিয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করতে থাকে শ্রমিকদের কয়েকটি খণ্ড খণ্ড দল।

সারা দিনের বৈঠকের পর বিকেলে আসরের নামাজের বিরতিতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, সভা চলতে থাকবে। মালিকপক্ষ প্রস্তাব দিয়েছে। সেটির ওপর আলোচনা চলছে।

চেয়ারম্যান জানান, ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম পরিদর্শনে যা পাওয়া গেছে, সেগুলো সভায় উপস্থাপন করা হয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, উভয় পক্ষের যুক্তি-পাল্টা যুক্তি চলছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, মালিকপক্ষের প্রস্তাব এখন জানানো হবে না।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে বলে একজন সাংবাদিক উল্লেখ করলে চেয়ারম্যান বলেন, এটা একেবারেই সঠিক নয়, এমনটি কাছাকাছিও নয়। বিভিন্ন মাধ্যমে যা আসছে, তা একেবারেই অবাস্তব। প্রকৃত প্রস্তাব অনেক বেশি। তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দেয়, সেটাই গ্রহণ করা উচিত।

এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরি ধরে একটি প্রস্তাব দিয়েছিলেন বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তবে আজকের বোর্ডে মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করেছে, সেটা তিনিও প্রকাশ করতে রাজি হননি।

শ্রমিক নেতা বাবুল আখতার বলেন, সভার এজেন্ডা অনুযায়ী আলোচনা চলছে। মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে, সংখ্যাটা এখনই তিনি প্রকাশ করছেন না। তারা সব সময় কম টাকা প্রস্তাব করে, এবারও তাই করেছে। শ্রমিকপক্ষের কাছে তা যুক্তিসংগত মনে হয়নি এবং শ্রমিকপক্ষ তা বলেছে।

বাবুল আখতার বলেন, সভা যেন শেষ না করা হয়—এমন দাবি জানানো হয়েছে। প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত সভা চলবে, প্রয়োজনে মুলতবি করে কালকে আবার বসা হবে। তবু মজুরি ইস্যুটা দ্রুত শেষ করতে হবে। তিনি জানান, সংশোধিত প্রস্তাব শ্রমিকদের কাছ থেকেও যাবে, মালিকদের কাছ থেকেও আসবে; সেটার ওপর আবার আলোচনা হবে। মালিকপক্ষ বলেছে, শ্রমিকদের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আবার মালিকপক্ষের প্রস্তাবও শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি।

শ্রমিকদের উদ্দেশে বাবুল আখতার বলেন, বেতনের আলোচনা চলছে, আপনারা কাজে যোগদান করুন।

অসন্তোষ বেড়ে যাবে—এমন আশঙ্কায় প্রস্তাব প্রকাশ করা হচ্ছে না কি না, প্রশ্নের উত্তরে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘না, যেভাবে নিয়ম, সেভাবেই করছি। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা হবে।’

চেয়ারম্যান জানান, এই বোর্ডের মেয়াদ আছে ৩০ এপ্রিল পর্যন্ত। তবু আগামী তিন দিনের সভা আজকেই শেষ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষ্য, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সবচেয়ে কম সময়ে মজুরি নির্ধারণ হবে। মালিক-শ্রমিক পক্ষের প্রস্তাব ছাড়াও মূল্যস্ফীতি, বাজারমূল্য, শ্রমিকদের ওপর পরিবারের নির্ভরশীলতা, মালিকদের সক্ষমতা, বিশ্ববাজার পরিস্থিতি, বেতন বৃদ্ধির প্রভাব ও প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি—সব বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা হচ্ছে।

মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন বলেন, ‘একটা জিনিস বুঝতে হবে—একটি হাঁস প্রতিদিন একটা করে সোনার ডিম দেয়। সেই হাঁসটি যখন অসুস্থ হয়ে যায়, তখনো কি সোনার ডিম আশা করবেন?’

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। তবে সব ধরনের আলোচনার মধ্যেও আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারি মাসে নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার ক্ষেত্রে একমত হয়েছে সব পক্ষ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে এল ২৩৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স, বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে (১ থেকে ২২ নভেম্বর) দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা…

শ্রমিক অসন্তোষের মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্যের নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া ফটোকার্ডের
অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক অসন্তোষের মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্যের নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া ফটোকার্ডের

পোশাকশ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প…

পশ্চিমবঙ্গে ২৫ বছরে ২,৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেল আদানি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৃণমূলের
অর্থনীতি ও ব্যবসা

পশ্চিমবঙ্গে ২৫ বছরে ২,৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেল আদানি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গে ২৫ বছরের জন্য নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি এনার…

অর্থনীতি ও ব্যবসা

উপকূলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল…