মোহাম্মদপুরে স্ত্রী খবিরুন নেছা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, রায়ে আদালত: বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলায় তাঁর স্বামী নুরুল আফসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩-এর ভারপ্রাপ্ত বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ।
পর্যবেক্ষণে আরও বলা হয়, স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তাঁর প্রতি নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ; তাঁর রয়েছে নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার।
রায়ে বলা হয়েছে, দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা রয়েছে, কিন্তু সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবন কেড়ে নেয় না, সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। আদালত বলেন, সমাজকে উপলব্ধি করতে হবে, স্ত্রী স্বামীর সম্পত্তি নন; নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।
মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার বিষয়ে পর্যবেক্ষণে বলা হয়, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে নুরুল আফসারের সঙ্গে খবিরুন নেছার বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই নুরুল আফসার প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্বামীর বাসায় ফিরে আসেন খবিরুন নেছা। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আফসার তাঁকে মারধর করে বাসা থেকে চলে যান। ওই দিন দুপুরের দিকে ভাড়াটিয়ারা খবিরুন নেছাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের ভাই মো. জব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর নুরুল আফসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন; সেখানে তিনি স্ত্রীর পরকীয়ার কথা উল্লেখ করে কলহের শুরু হয় বলে জানান।
মামলাটির তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম। একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়। মামলায় মোট দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সেই বিচার শেষে সোমবার আদালত মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করলেন।




