সেনেগালের আফকন শিরোপা নিয়ে ক্রীড়া সালিশি আদালতের রায় মঙ্গলবার
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে সেনেগালের আপিলের রায় মঙ্গলবার দেবে ক্রীড়া সালিশি আদালত (সিএএস)। সোমবার আদালতটি নিশ্চিত করেছে, সেনেগাল, মরক্কো ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) যুক্তিতর্ক শোনার পর এই সিদ্ধান্ত জানানো হবে।
বিতর্কের শুরু গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে। সেখানে স্বাগতিক মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু ম্যাচের শেষ দিকে সেনেগালের বিপক্ষে পেনাল্টি দেওয়া হলে প্রতিবাদে দলটি ১৪ মিনিটের জন্য মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যায়।
খেলা আবার শুরু হলে মরক্কো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করে সেনেগাল।
কিন্তু দুই মাস পর ক্যাফের আপিল বোর্ড রায় দেয়, মাঠ ছেড়ে যাওয়ায় সেনেগাল ম্যাচটি হারিয়েছে বলে গণ্য হবে। সেই রায়ে ফল উল্টে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে শিরোপা দেওয়া হয়।
এর প্রতিবাদে সেনেগাল ২৫ মার্চ ক্রীড়া সালিশি আদালতে আপিল করে। দলটির যুক্তি, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং রেফারি ম্যাচটি শেষ পর্যন্ত পরিচালনা করেছিলেন। আপিলের শুনানি হয় প্রায় ছয় মাস পর, অক্টোবরের শুরুতে সুইজারল্যান্ডের লোজানে।
সিএএস প্রথমে ৮ অক্টোবরের শুনানির কয়েক দিনের মধ্যে রায় দেওয়ার কথা জানিয়েছিল। পরে আদালত আইনি যুক্তিসহ পূর্ণাঙ্গ রায় (সিএএস অ্যাওয়ার্ড) দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার জন্য কয়েক সপ্তাহ সময় লাগে।
সিএএসের রায় জাতীয় আদালতের রায়ের সমমর্যাদা পায় এবং নিউইয়র্ক কনভেনশন অনুযায়ী তা কার্যকর করা যায়। পরিস্থিতি অনুযায়ী ক্রীড়া ফেডারেশন বা রাষ্ট্রীয় আদালতের মাধ্যমে এই রায় কার্যকর হতে পারে।
এই মামলার বিচারক প্যানেলের সভাপতি ফরাসি ক্রীড়া আইন বিশেষজ্ঞ জেরাল্ড সিমন। প্যানেলে আরও আছেন ইতালির আন্তর্জাতিক আইনের অধ্যাপক লুইজি ফুমাগাল্লি এবং জুরিখ বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও হামবুর্গভিত্তিক আইনজীবী উলরিখ হাস।


