বিএনপিতে ফেরার জন্য কখনো আবেদন করিনি, ফেসবুক স্ট্যাটাসে জানালেন বহিষ্কৃত রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দলটি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনো আবেদন করেননি।
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলে ফেরা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাঁদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’
তিনি আরও লিখেছেন, তাঁর কোনো কথা বা আচরণে তিনি আবার বিএনপিতে ফিরবেন, এমন মনে করার কোনো কারণ আছে বলেও তিনি মনে করেন না। বর্তমান অবস্থার জন্য তাঁর শুকরিয়ার শেষ নেই বলেও তিনি জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে রাতে রুমিন ফারহানা বলেন, অনেক সাংবাদিক তাঁকে প্রশ্ন করে থাকেন, তিনি বিএনপিতে ফিরে যাবেন কি না; সবার উদ্দেশে তিনি এই জবাব দিয়েছেন।
বিএনপির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এমনটি বলেছেন কি না, জবাবে তিনি বলেন, বিষয়টি এমন নয়। সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তিনি এমন বলেছেন।
রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে সংসদ সদস্য হন তিনি।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় ৩০ ডিসেম্বর তাঁকে বহিষ্কার করা হয়।
আসনটি বিএনপি শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়। প্রার্থী করা হয় জমিয়তের মাওলানা জুনায়েদ আল হাবিবকে। নির্বাচনে তাঁকে হারিয়ে হাঁস প্রতীকে জয় পান রুমিন ফারহানা।




