ঢাকার শেয়ারবাজারে এক দিনে লেনদেন কমল ৩০০ কোটি টাকা, সূচকও নিম্নমুখী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৩০০ কোটি টাকা, যা সাড়ে ২৪ শতাংশ। সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি টাকা।
আগের দিন রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি টাকা। সোমবারের লেনদেন কমে আবার হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে।
লেনদেনের পাশাপাশি কমেছে সূচকও। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচক ও লেনদেন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের দরপতন। দরপতনের কারণে এ খাতের কোম্পানিগুলোর লেনদেনও কমে গেছে।
ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ১৪টির দাম কমেছে। দাম বেড়েছে ৬টির, আর অপরিবর্তিত ছিল ১১টির।
ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, সূচকের পতনে যে ১০টি কোম্পানির শেয়ার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে ৬টিই ছিল ব্যাংক। এগুলো হলো ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
এই ছয় ব্যাংকের শেয়ারের দরপতনে এদিন ডিএসইএক্স সূচক কমেছে ৮ পয়েন্টের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার ঢাকার বাজারে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর আধিক্য থাকলেও সোমবার তাতে ছেদ পড়ে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক ছিল মাত্র ২টি—ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক।
উভয় ব্যাংকের লেনদেনই আগের দিনের চেয়ে কমেছে। সোমবার ঢাকার বাজারে ব্র্যাক ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি টাকা, আর সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোববার ব্যাংকসহ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল। তাতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে সোমবার বাজারে বিক্রির চাপ ছিল বেশি।



