স্যান্ডপেপার বিতর্কে ভারত সফরেও অস্ট্রেলিয়া বিপদে পড়বে, বললেন ইরফান পাঠান

২০১৮ সালের আলোচিত স্যান্ডপেপার-কাণ্ডের রেশ আট বছর পরও কাটেনি। সেই বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন বিতর্ক চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পরই মূলত টালমাটাল অবস্থা তৈরি হয়েছে।
উসমান খাজা, ক্যামেরন ব্যানক্রফট ও অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যের কারণে এ বছর অস্ট্রেলিয়ার বল বিকৃতির ঘটনাটি আবার নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হতে বেশি বাকি নেই। আগামী বছরের জানুয়ারিতে দুই দলের এই সিরিজ হবে ভারতে।
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের মতে, ভারত সফরেও অস্ট্রেলিয়া এই ইস্যুতে বিপদে পড়তে পারে। আট বছর আগের ঘটনায় কারও কোনো সংশ্লিষ্টতা না থাকলেও ক্রিকেটাররা এর থেকে রেহাই পাবেন না বলে তিনি মনে করেন।
জিওস্টারের ‘স্যান্ডপেপারগেট: দ্য আনসেটলড ডিবেট’ অনুষ্ঠানে পাঠান বলেন, ‘বিষয়টি আবারও আলোচনায় আসবে। অস্ট্রেলিয়া যখনই ভারতে খেলতে আসবে, তখনই এ নিয়ে প্রশ্ন করা হবে।’
পাঠান আরও বলেন, ‘দেশটির যেসব তরুণ ক্রিকেটার প্রথমবারের মতো ভারত সফরে আসবে, তাদের জন্য বিষয়টি অন্যায্য হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আট বছর পরও ঘটনাটি নতুন করে সামনে এসেছে। এবারও তাদের একই দৃষ্টিতে দেখা হবে।’
স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন ইরফান। তাঁর মতে, পুরোনো ঘটনা নিয়ে বারবার কথা বললে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে সফরকারীদের জন্য।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলের জন্য পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এ নিয়ে কথা না বলা। খেলোয়াড়েরা যদি বারবার প্রশ্নের উত্তর দিতে থাকে এবং আট বছর আগের ঘটনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণে যায়, তাহলে তারা বিপদে পড়বে। তাদের জন্য সবচেয়ে ভালো হবে বিষয়টি এখানেই শেষ করে সামনে এগিয়ে যাওয়া।’
আট বছর আগের বল কেলেঙ্কারি ইস্যুতে অস্ট্রেলিয়ার সততা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। ইরফানের মতে, অজিদের এই ঝামেলা আরও অনেক দিন পোহাতে হবে।
সাবেক ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘দলের সততা নিয়ে মানুষ সব সময়ই প্রশ্ন তুলবে, তারা যা-ই করুক না কেন। দেশের মানুষ ও সংবাদমাধ্যমের কথা বিবেচনায় ক্রিকেট অস্ট্রেলিয়া এখন নতুন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই। তবু আগামী ১০, ২০ কিংবা ৩০ বছর পরও বিষয়টি নিয়ে আলোচনা চলবে। তাই এ নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো।’



