আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩ শতাংশই বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, আইইডিসিআরের নজরদারিতে উদ্বেগ
দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরদারির তথ্যে এই চিত্র উঠে এসেছে। তথ্য বলছে, গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কমছে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকে চিকিৎসক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন। আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম); প্রচার সহযোগী ছিল প্রথম আলো এবং সায়েন্টিফিক পার্টনার ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মা ও ল্যাব সলিউশন।
বৈঠকে মূল উপস্থাপনা দেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। তিনি জানান, দেশে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়ছে। সংস্থাটির জাতীয় এএমআর সার্ভিল্যান্সের তথ্য অনুযায়ী, আইসিইউতে শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই বহু ওষুধ প্রতিরোধী। কোনো জীবাণু আগে যে ওষুধে মারা যেত বা যার প্রভাবে তার বৃদ্ধি বন্ধ হতো, সেই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি করলেই তাকে এএমআর বলা হয়।
সার্ভিল্যান্সের তথ্য অনুযায়ী, নিউমোনিয়া, মূত্রনালি ও রক্তে সংক্রমণ ঘটানো ক্লেবসিয়েলা নিউমোনি জীবাণুর ইমিপেনেম অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধের হার ২০২২ সালে ছিল ১৪ দশমিক ৭ শতাংশ; ২০২৬ সালের প্রথম ছয় মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৩ শতাংশে। একই সময়ে মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধ ১৬ শতাংশ থেকে বেড়ে ৩৭ দশমিক ৮ শতাংশ হয়েছে।
ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণ ঘটানো ই কোলি জীবাণুর ক্ষেত্রেও প্রতিরোধ বেড়েছে। ইমিপেনেমের বিরুদ্ধে প্রতিরোধ ৭ দশমিক ৫ থেকে বেড়ে ১৩ দশমিক ৫ শতাংশ এবং মেরোপেনেমের ক্ষেত্রে ৯ দশমিক ৩ থেকে বেড়ে ১১ দশমিক ১ শতাংশ হয়েছে।
একই সময়ে বেশ কিছু অ্যান্টিবায়োটিকের প্রতি জীবাণুর সংবেদনশীলতা কমেছে। অ্যামিকাসিনের ক্ষেত্রে সংবেদনশীলতা ৮৬ থেকে কমে ৭০ শতাংশ, অ্যামোক্সিসিলিন-ক্ল্যাভুলানেটের ক্ষেত্রে ৫৪ থেকে ৪৬ শতাংশ, অ্যাম্পিসিলিনের ক্ষেত্রে ৩৯ থেকে ৩১ শতাংশ এবং সেফট্রিয়াক্সোনের ক্ষেত্রে ৫২ থেকে ৪৫ শতাংশ হয়েছে।
সিপ্রোফ্লক্সাসিনের প্রতি সংবেদনশীলতা ৫০ থেকে কমে ৩৫ শতাংশ, ইমিপেনেমের ক্ষেত্রে ৮৬ থেকে ৬৮ শতাংশ এবং মেরোপেনেমের ক্ষেত্রে ৮৪ থেকে ৭৪ শতাংশে নেমেছে। তবে জেন্টামাইসিনের ক্ষেত্রে সংবেদনশীলতা ৫৬ থেকে বেড়ে ৬৮ শতাংশ এবং লাইনজোলিডের ক্ষেত্রে ৮৮ থেকে বেড়ে ৯৩ শতাংশ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক নাইমা মোয়াযযাম বলেন, নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক উদ্ভাবিত হলেও ব্যাকটেরিয়ার প্রতিরোধক্ষমতা বাড়ায় চিকিৎসায় জটিলতা তৈরি হচ্ছে। শুধু অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ন্ত্রণ করলেই এই সংকট মোকাবিলা সম্ভব নয়। মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, উদ্ভিদ ও পরিবেশ পরস্পর সম্পর্কিত; তাই ‘ওয়ান হেলথ’ ধারণার ভিত্তিতে চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট ও পরিবেশবিদসহ সংশ্লিষ্ট সব খাতের বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ওষুধের গুণগত মান নিশ্চিতকরণ এবং হাসপাতালভিত্তিক সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে; পাশাপাশি অ্যান্টিবায়োটিকের মান নিয়ন্ত্রণ ও কোয়ালিটি অ্যাসিওরেন্স নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে। হাসপাতালে সংক্রমণের উৎস নিয়ন্ত্রণ করা গেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলেও তিনি মনে করেন।
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও বিএসএমএমের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ ইউসুফ এএমআর প্রতিরোধে দ্রুত ও নির্ভুল ল্যাবরেটরি ডায়াগনসিস এবং ডায়াগনস্টিক স্টুয়ার্ডশিপের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দ্রুত জীবাণু শনাক্তকরণ ও কার্যকর অ্যান্টিবায়োটিক নির্ধারণের মাধ্যমে রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব; এ জন্য মাইক্রোবায়োলজিস্ট ও চিকিৎসকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
আব্দুল্লাহ ইউসুফ আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি ও মাল্টিপ্লেক্স পরীক্ষাপদ্ধতি চালুর প্রস্তাব দিয়ে বলেন, এর মাধ্যমে কিছু সংক্রমণের জীবাণু প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক দ্রুত শনাক্ত করা সম্ভব। পাশাপাশি পরীক্ষার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে মানসম্মত রিএজেন্ট ও কেমিক্যাল সরবরাহ, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং ল্যাবরেটরির অবকাঠামোগত উন্নয়ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকটি পরিচালনা করেন বিএসএমএমের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল হক। তিনি বলেন, এএমআরের কারণে অনেক মানুষকে অকালে প্রাণ হারাতে হচ্ছে এবং এসব মৃত্যু গভীর বেদনার। এর একটি কারণ হিসেবে চিকিৎসকের অনুমতি ছাড়াই মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক বিক্রিকে তিনি দায়ী করেন এবং কবে এই চর্চা বন্ধ হবে, সেই প্রশ্ন তোলেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাঈম গোলদার জানান, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় অধিদপ্তর বিভিন্ন আইনগত ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। ওষুধের গুণগত মান নিশ্চিত করতে বায়োইকুইভ্যালেন্স পরীক্ষা সম্প্রসারণ এবং তথ্যভিত্তিক নীতিনির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে মানুষের অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার ও সেবনের তথ্য এবং ২০২৩ সাল থেকে প্রাণিসম্পদে ব্যবহৃত ভেটেরিনারি অ্যান্টিবায়োটিকের তথ্য সংগ্রহ করা হচ্ছে; এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
বৈঠকে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ মঞ্জুরুল করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সালেকুল ইসলাম, মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক আদনীন মৌরিন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যাপক মাহফুজা নাসরিন, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক আহমদ সামি-আল-হাসান, ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আরিফুল বাসার এবং আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের এএমআর গবেষণা ইউনিটের প্রধান ফাহমিদা চৌধুরীসহ অনেকে। সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।
বিশেষজ্ঞরা বৈঠকে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ, দ্রুত রোগনির্ণয় এবং সংশ্লিষ্ট খাতগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।




