ঢাকায় তাপমাত্রা নেমেছে ২২ দশমিক ৪ ডিগ্রিতে, আজ আরও কমার আভাস

রাজধানী ঢাকায় সোমবার বিকেল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ঝরেছে ছিটেফোঁটা বৃষ্টি। তাপমাত্রাও আগের দিনের চেয়ে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজও তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



