চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় বেকারি কর্মচারী যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে তাঁরা সকালে হাঁটতে বের হয়েছিলেন। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান তাঁরা। পরে সেখানে গিয়ে মেহেদীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়েই ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের পাশে তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুঠোফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।
নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তাঁর বাবার নাম সুমন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ওসি জানান, মেহেদীর মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।



