ভুবনেশ্বরে বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ৫৬ জনের বহর, ৩৬ অ্যাথলেটের সঙ্গে ২০ কর্মকর্তা-কোচ

ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট’। স্বাগতিক ভারত ছাড়াও এই আসরে অংশ নেবেন বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মিয়ানমারের অ্যাথলেটরা।
আঞ্চলিক এই আসরে অংশ নিতে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে ৫৬ সদস্যের বহর। এর মধ্যে অ্যাথলেট ৩৬ জন; বাকি ২০ জন কোচ, অফিশিয়াল ও পর্যবেক্ষক।
খেলোয়াড়দের সংখ্যার অনুপাতে ‘নন-প্লেয়িং’ স্টাফের এই আধিক্য নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতি দুজন অ্যাথলেটের বিপরীতে একজনের বেশি কর্মকর্তা বা কোচ যাওয়ার যৌক্তিকতা নিয়ে আলোচনা চলছে।
দলটির সঙ্গে যাচ্ছেন আটজন কোচ ও সাতজন অফিশিয়াল। এর পাশাপাশি পাঁচজন পর্যবেক্ষকের সুনির্দিষ্ট ভূমিকা কী হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
সমালোচনার জবাবে আর্থিক সাশ্রয়ের বিষয়টি সামনে এনেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেছেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নিতে আমাদের কোনো খরচ লাগছে না। যাতায়াত, থাকা-খাওয়াসহ সব খরচ দেবে আয়োজকেরা। আমরা তাই অ্যাথলেটদের সঙ্গে প্রয়োজনীয় কোচ ও অফিশিয়াল পাঠাচ্ছি।’
আয়োজকদের খরচে যাওয়ার সুযোগ থাকলেও কর্মকর্তাদের এমন দীর্ঘ তালিকা কতটা প্রয়োজনীয়, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
টুর্নামেন্টটির গুরুত্ব তুলে ধরে সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এখানে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ মিয়ানমার ও থাইল্যান্ডও অংশগ্রহণ করবে। আমাদের এই দলের ৮০ শতাংশ খেলোয়াড় আশা করি এসএ গেমসের দলে থাকবেন।’



