কলা, পেয়ারা, আমসহ পাঁচ ফলে ক্ষতিকর ধাতু, পেয়ারায় পারদ মিলল গ্রহণযোগ্য মাত্রার প্রায় ২৩ গুণ

চট্টগ্রামে পাঁচ ধরনের ফলের নমুনা পরীক্ষা করে পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি পেয়েছেন একদল গবেষক। কলা, পেয়ারা, আম, পেঁপে ও আনারস—এই পাঁচ ফলের নমুনায় এসব ক্ষতিকর ধাতু পাওয়া গেছে। পরীক্ষায় সবচেয়ে বেশি পারদ পাওয়া গেছে পেয়ারা ও কলার কিছু নমুনায়, ক্রোমিয়াম বেশি পাওয়া গেছে আমে, আর পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় পাওয়া গেছে সিসা।
গবেষণাটি পরিচালিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের নেতৃত্বে। এতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও যুক্ত ছিলেন। গবেষণাপত্রটি গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে অনলাইনে প্রকাশিত হয়; এটি সাময়িকীটির নভেম্বর মাসের ১৫৯তম খণ্ডে রয়েছে।
গবেষণার জন্য ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আট মাস ধরে নমুনা সংগ্রহ করা হয়। এ জন্য তিন ধরনের জায়গা বেছে নেন গবেষকেরা—রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা, চট্টগ্রামের স্থানীয় বাজার ও সুপারশপ। প্রতিটি উৎস থেকে ১৫টি করে মোট ৪৫টি যৌথ নমুনা সংগ্রহ করা হয়। ফলগুলো সিভাসুর পরীক্ষাগারে পরিষ্কার পানিতে ধুয়ে খোসাসহ পুরো ফল শুকিয়ে গুঁড়া করা হয়; পরে বিসিএসআইআরের ঢাকার পরীক্ষাগারে বিশেষ যন্ত্রের সাহায্যে পাঁচ ধরনের ধাতুর পরিমাণ নির্ণয় করা হয়।
পরীক্ষায় সবচেয়ে বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে সুপারমার্কেট থেকে সংগ্রহ করা আমে, প্রতি কেজিতে ১ দশমিক ৯৫৮ মিলিগ্রাম। রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায়ও তুলনামূলক বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে, প্রতি কেজিতে ১ দশমিক ৫৪২ মিলিগ্রাম। ফলভিত্তিক গড় হিসাবে প্রতি কেজি আমে ১ দশমিক ৩৯৯ মিলিগ্রাম, পেঁপেতে ১ দশমিক ২৬৮, পেয়ারায় ১ দশমিক ২০০, কলায় ১ দশমিক ০৬৭ এবং আনারসে ০ দশমিক ৮৬৯ মিলিগ্রাম ক্রোমিয়াম পাওয়া গেছে।
পারদের হিসাবে সুপারমার্কেট থেকে সংগ্রহ করা পেয়ারায় প্রতি কেজিতে সর্বোচ্চ ০ দশমিক ৬৯১ মিলিগ্রাম পারদ পাওয়া গেছে। একই উৎসের কলায় পাওয়া গেছে ০ দশমিক ৪৭৮ মিলিগ্রাম। গবেষণাপত্রে তাজা ফলে পারদের গ্রহণযোগ্য মাত্রা প্রতি কেজিতে ০ দশমিক ০৩ মিলিগ্রাম ধরে তুলনা করা হয়েছে; সেই হিসাবে পেয়ারায় প্রায় ২৩ গুণ এবং কলায় প্রায় ১৬ গুণ পারদ পাওয়া যায়।
রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় প্রতি কেজিতে সর্বোচ্চ ১ দশমিক ৬৮৭ মিলিগ্রাম সিসা পাওয়া গেছে। একই উৎসের পেয়ারায় পাওয়া গেছে ০ দশমিক ০৭৪ মিলিগ্রাম ক্যাডমিয়াম, যা গবেষণায় পাওয়া ক্যাডমিয়ামের সর্বোচ্চ মাত্রা। অন্যদিকে সুপারমার্কেটের পেয়ারায় প্রতি কেজিতে ০ দশমিক ২৭২ মিলিগ্রাম আর্সেনিক পাওয়া গেছে, যা পাঁচ ফলের নমুনার মধ্যে আর্সেনিকের সর্বোচ্চ পরিমাণ। সবচেয়ে কম আর্সেনিক পাওয়া গেছে পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা আমে, প্রতি কেজিতে ০ দশমিক ০০৯ মিলিগ্রাম।
তবে সব নমুনায় একই পরিমাণ ধাতু পাওয়া যায়নি। পাহাড়ি এলাকার পেঁপেতে পারদের পরিমাণ ছিল প্রতি কেজিতে মাত্র ০ দশমিক ০০২ মিলিগ্রাম। গবেষণার তত্ত্বাবধায়ক ও সিভাসুর ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক আয়েশা বেগম বলেন, পাঁচটি ফলের মধ্যে আমে ক্রোমিয়ামের মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে, আর পেয়ারায় একাধিক ধাতুর উপস্থিতি একসঙ্গে বেশি ছিল।
পারদের ফলাফল নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেছেন গবেষকেরা। আয়েশা বেগম বলেন, পারদের ফলাফলগুলো গবেষণাপত্রে প্রাথমিক হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ পরিমাপ পদ্ধতিতে কিছু কারিগরি সীমাবদ্ধতা ছিল। পরীক্ষার ফল যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রত্যায়িত মান ব্যবহার করা যায়নি এবং বেশি মাত্রার ফলাফলগুলো অন্য পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করা হয়নি। স্বাধীন পুনর্বিশ্লেষণ ছাড়া এই সংখ্যা নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না বলে তিনি মনে করেন।
গবেষকেরা ধাতুর উপস্থিতি নির্ণয়ের পাশাপাশি সেগুলো খাওয়ার ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির হিসাবও করেছেন। এ জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন ৬৫ কেজি এবং দৈনিক ফল খাওয়ার পরিমাণ ৯৫ দশমিক ৪ গ্রাম ধরা হয়। গবেষকদের মতে, ফল শরীরের জন্য উপকারী হলেও ফলের সঙ্গে ক্ষতিকর ধাতু দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
ফলের নমুনায় ধাতুগুলো ঠিক কোথা থেকে এসেছে, তার উত্তর এখনো পাননি গবেষকেরা। দূষিত মাটি, সেচের পানি, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য কিংবা পরিবেশের অন্যান্য উৎস থেকে এসব ধাতু ফলে প্রবেশ করতে পারে; সংগ্রহের পর পরিবহন, সংরক্ষণ ও মোড়কজাত করার পর্যায়েও দূষণের আশঙ্কা থাকতে পারে। আয়েশা বেগম বলেন, দূষণের উৎস জানতে হলে মাটি, সেচের পানি, সার, কীটনাশক, আগাছানাশক এবং ফলের মোড়ক আলাদাভাবে পরীক্ষা করতে হবে; তাঁদের গবেষণায় এসব পরীক্ষা করা হয়নি, তাই নির্দিষ্ট কোনো উৎপাদন এলাকা, বাজার কিংবা সুপারমার্কেটকে দায়ী করার সুযোগ নেই।
সাধারণ মানুষের করণীয় সম্পর্কে আয়েশা বেগম বলেন, এই গবেষণা শুধু খোসাসহ পুরো ফলের ওপর করা; খোসা ছাড়ালে বা ধুয়ে নিলে ফলের ভারী ধাতুর পরিমাণ আসলে কতটা কমে, তা এখনো জানা যায়নি। গবেষণার ফলাফল এখনো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, বাজারে বিক্রি হওয়া ফলের নমুনা বিভিন্ন মৌসুমে ও বাজারের বিভিন্ন স্তরে নিয়মিত পরীক্ষা করতে হবে এবং কৃষিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য, শিল্পকারখানার বর্জ্য ও পরিবেশদূষণের সম্ভাব্য উৎসগুলোর ওপর নজরদারি বাড়াতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২৪-২৫ অর্থবছরের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়েছে; এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের সম্পৃক্ততাও ছিল। গবেষণা দলে ছিলেন অধ্যাপক আয়েশা বেগম, সিভাসুর সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুল হক, বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহ মো. শাহান শাহরিয়ার এবং সিভাসুর স্নাতকোত্তর শিক্ষার্থী অর্থিতা বড়ুয়া, মাহদী আল হাসান রাহাত ও তাসনিয়া খানম।



