…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিদেশে প্রতিটি মিশন বাংলাদেশি ভূখণ্ড হিসেবে বিবেচিত হয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়—এটা বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত—যেখানেই যাবে, সেখানেই তাদের গ্রেপ্তার করা হবে।’

শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে এলেই গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, ‘তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর বা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।’

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাহাত্তরের সংবিধানে পরিষ্কার বলা আছে, যদি কোনো ব্যক্তি মানবতাবিরোধী অপরাধের আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ সরকার তাকে কোনো পাসপোর্ট, কোনো এনআইডি, কিছুই দিতে বাধ্য নয়। এটার ব্যত্যয় তো ঘটবে না।’ তিনি বলেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই।

শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা আছে কি না—এমন প্রশ্নে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘উনি কোথায় আছেন, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন! উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, সেটা গুরুত্বহীন।’

ভারত সরকারের সঙ্গে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ আছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘হাদির (ওসমান হাদী) হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের আদেশ দিয়েছে, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের সবাইকে এই বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা হবে।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর—ভাই আসুক না, এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে। এই রাজনৈতিক স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে ওনার নেতা-কর্মীরা; উনি তো বিপদে নেতা-কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। এখন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী ও নেতা আছেন, তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু হয়েছে।’

শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘উনি আসবেন, এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। আইন তার নিজের পথে চলবে। আমি আবারও বলছি, আইন মন্ত্রণালয় এটা দেখছে এবং আইনি প্রক্রিয়াগুলো যা আছে, সেটা ওনারা বলবেন।’

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার খবর দিয়েছে। সম্প্রতি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে মেইল করেছিল যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স চেম্বার। প্রতিষ্ঠানটি এর মধ্যে মেইলের জবাব চেয়ে পুনরায় মেইল করেছে।

মেট্রিক্সের মেইলের জবাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কি না—জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকেন, তাঁদের ব্যাপারে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের আইন অনুযায়ী যা অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।’

রয়টার্সের প্রতিবেদনের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কে কোথা থেকে লুকিয়ে থেকে কোথায় কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা আমাদের মিডিয়ার সময় নষ্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট। আমাদের সবার সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে।’

তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে আপনারা যখন প্রশ্ন করবেন, একই উত্তর দেব—এই একজন আসামিকে এবং আরও যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছেন, তাদের আসামি হিসেবেই বিবেচনা করা হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ…

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে…

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে
রাজনীতি

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভ…