গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর করে ভেতর থেকে মালামাল বের করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
একই সময়ে গাজীপুরের টঙ্গী ও গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এসব ঘটনা ঘটে এবং এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
পরে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা চেয়ার-টেবিল বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওসি আরও বলেন, শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।




