ঈশ্বরদীতে গুলির রাতে জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুড়ল আটটি মোটরসাইকেল
পাবনার ঈশ্বরদীতে বিএনপির নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে সোমবার বিকেলে একই এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের গুলিতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের বিরোধ চলছে। এর জেরে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
গুলির ঘটনার পর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং দলটির কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
জামায়াতের ইউনিয়ন আমির আব্দুর রাজ্জাকের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খানের অভিযোগ, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াত নেতা-কর্মীদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে।
তবে জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, তাঁরা আওয়ামী লীগবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করেন। পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরেই এসব ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। জামায়াতের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই বলেও জানান তাঁরা।
জাকারিয়া পিন্টু বলেন, তিনি ঢাকায় থাকায় ঘটনার বিস্তারিত জানেন না। তবে পদ্মার বালুমহাল নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে গুলি ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছেন। জামায়াতের কোনো বাড়িতে হামলার বিষয়েও তিনি অবগত নন বলে দাবি করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি হামলা ও অগ্নিসংযোগের জন্য বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের দায়ী করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়। পদ্মার বালুমহাল নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। একটি পক্ষ ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুলি ও অগ্নিসংযোগের ঘটনা দুটি পুলিশ তদন্ত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




