ইতালির অপেশাদার ফুটবলে লাল কার্ড পেয়ে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষকে হুমকি খেলোয়াড়ের

ইতালির অপেশাদার ফুটবলে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ড্রেসিংরুমে গিয়ে ভাঁজ করা ছুরি হাতে নিয়ে আবার মাঠে ফিরেছেন এক ফুটবলার। ছুরি দেখিয়ে তিনি প্রতিপক্ষ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হুমকি দেন। এতে ম্যাচ ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
গত রোববার সিসিলির মারসালা শহরের দক্ষিণাঞ্চলীয় এলাকা স্ত্রাসাত্তির মারিয়ানো দি দিয়া ক্রীড়া মাঠে এ ঘটনা ঘটে। তেরজা ক্যাটেগরিয়া লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক গ্যালাকটিক পাওলিনি মারসালা ও এএসডি অ্যাথলেটিক পার্তান্না।
ম্যাচের শুরু থেকেই সফরকারী দলের ডাগআউটের পাশে উত্তেজনা বিরাজ করছিল। গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় বারবার পার্তান্নার কোচিং স্টাফদের সঙ্গে তর্কে জড়ান এবং তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন।
একপর্যায়ে বল দখলের লড়াইয়ে বল হারিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। খেলা থেমে যাওয়ার পর মাটিতে পড়ে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কয়েকবার লাথি মারেন মারসালার ওই ফরোয়ার্ড।
এ ঘটনায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। একই সঙ্গে লাল কার্ড দেখানো হয় মারসালার কোচকেও। এরপর ড্রেসিংরুমে চলে যান ১০ নম্বর জার্সিধারী ওই খেলোয়াড়।
কিন্তু কিছুক্ষণ পরই হাতে ভাঁজ করা ছুরি নিয়ে আবার মাঠে ফিরে আসেন তিনি। এরপর ছুরি হাতে অ্যাথলেটিক পার্তান্নার কোচ, খেলোয়াড় ও পুরো ব্যবস্থাপনা দলের সদস্যদের হুমকি দিতে থাকেন।
বেলিচে এলাকার ক্লাবটির করা অভিযোগ অনুযায়ী, এক হাতে ছুরি ধরে রেখেই প্রতিপক্ষ দলের এক কর্মকর্তার গলা চেপে ধরেন ওই খেলোয়াড়।



