ফল-সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ওপর জোর পরিবেশমন্ত্রীর
ফসল তোলার পর ক্ষতি কমাতে ও গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন; এতে তাঁদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে অনেক সময় কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।
রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিমাগারটি তৈরি করা হয়েছে। এই অভিজ্ঞতা গ্রামীণ এলাকায় হিমাগার আরও নির্ভরযোগ্য করতে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তা নির্ধারণে সহায়তা করবে।
রাজশাহীর পরীক্ষামূলক হিমাগারের ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত ঠাণ্ডা করা, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণকে একটি ব্যবস্থায় যুক্ত করা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।
সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্প অংশীদার, এনজিও এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী দেশের আরও কৃষিপ্রধান এলাকায় এই প্রযুক্তি পৌঁছে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।


