গোপালগঞ্জে ট্রেন ও পোড়া দুই থানা শিগগির চালু হচ্ছে না, তৃতীয় কিস্তির সরকারি বরাদ্দও স্থগিত

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছে না। গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার দিন থেকে এই জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। থানা দুটির কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানায় চালু করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালু করতে স্থানীয় লোকজন অনুরোধ করছেন, তবে এতে আরও সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটির সংস্কারের কাজে হাত দেবে মন্ত্রণালয়।
সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দেওয়া বরাদ্দের মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেছেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। দুই থানার কার্যক্রম কবে চালু হবে, এ বিষয়ে তিনি মন্তব্য করেননি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেছেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি, কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি এবং এ সেবা চালু হতে সময় লাগবে।
গত ১৫ নভেম্বর লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) আগুন এবং পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়। এরপর বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এর জেরে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় সরকার। ১৫ নভেম্বরের ঘটনার পর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে এবং স্থানীয় লোকজন সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে পারছেন না বলে ভোগান্তিতে পড়েছেন।
পরে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত: ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’, ‘অভিযাত্রী কমিউটার ট্রেন’, ‘রূপসী বাংলা’, ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেন সেবা বন্ধ রয়েছে।
ট্রেন সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। অনেকে বাসের চেয়ে ট্রেনে বেশি চলাচল করেন; ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় ও খরচ কম লাগে। ট্রেন সেবা চালু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানীয় লোকজনের কেউ কেউ যোগাযোগ করছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে ট্রেন আবার চালু করতে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়, তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এখনই ট্রেন যোগাযোগ চালু না করার পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে এবং সেসব থেকে আবারও হামলা-ভাঙচুর হতে পারে বলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত এসব সেবা চালুর সম্ভাবনা নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না এবং কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না; এটাই সরকারের অবস্থান।




