তিন বছরেও বদলায়নি লন্ডনের মেট পুলিশের সংস্কৃতি, প্রতিবেদনে বলা হলো এখনো প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী ও নারীবিদ্বেষী

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ (মেট) এখনো প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী, নারীবিদ্বেষী ও সমকামবিদ্বেষী বলে মন্তব্য করেছে একটি স্বাধীন পর্যালোচনা প্রতিবেদন। বাহিনীটির সংস্কৃতি নিয়ে নিন্দনীয় এক প্রতিবেদনের তিন বছর পরও এই চিত্র খুব একটা বদলায়নি বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গিলিয়ান ফেয়ারফিল্ডের করা এই স্বাধীন পর্যালোচনাটি করিয়েছিলেন লন্ডনের মেয়র সাদিক খান। ৩৮৯ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রিটেনের সবচেয়ে বড় পুলিশ বাহিনীটিতে ‘মৌলিক ও কাঠামোগত সমস্যা’ এবং ‘প্রাতিষ্ঠানিক আত্মরক্ষামূলক মনোভাব’ এখনো রয়ে গেছে, এবং বাহিনীটি ‘বর্ণবাদকে কাঠামোগত সমস্যা হিসেবে স্বীকার করতে’ হিমশিম খাচ্ছে।
প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সাদিক খান মেট কমিশনার মার্ক রাউলিকে উদ্দেশ করে বলেন, যাঁরা বাহিনীটিকে জবাবদিহির আওতায় রাখার দায়িত্বে আছেন, তাঁদের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাতে হবে এবং লন্ডনবাসীকে তাঁদের প্রাপ্য পুলিশি সেবা দিতে হবে। খান বলেন, ‘মেটের সংস্কৃতি বদলানো একেবারেই সম্ভব নয়, যদি প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, প্রাতিষ্ঠানিক নারীবিদ্বেষ ও প্রাতিষ্ঠানিক সমকামবিদ্বেষের অস্তিত্ব অস্বীকার করা, খাটো করে দেখা বা এড়িয়ে যাওয়া চলতে থাকে।’
প্রতিবেদনে কর্মকর্তাদের দেওয়া কিছু উদ্বেগজনক বর্ণনা উঠে এসেছে। একজন কর্মকর্তা বলেছেন, অসদাচরণের অভিযোগ করলে নারীদের ‘শাস্তির মুখে পড়তে হয়’। আরেকজন কিছু জ্যেষ্ঠ কর্মকর্তার তরুণ নারী ও নতুন নিয়োগপ্রাপ্তদের প্রতি শিকারি আচরণের সমালোচনা করেছেন।
নিহতদের স্বজনেরা মেটের বিরুদ্ধে ভুক্তভোগীকে দোষারোপ ও বিভ্রান্ত করার অভিযোগ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। একটি হত্যা তদন্তে ফরেনসিক নমুনা, জবানবন্দি ও সিসিটিভি ফুটেজ হারিয়ে যাওয়ার ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
২০২১ সালে মেটের এক কর্মকর্তা সারাহ এভারার্ডকে অপহরণ, ধর্ষণ ও হত্যা করার পর ২০২৩ সালে লুইস কেসি বাহিনীটির সংস্কৃতি নিয়ে কঠোর প্রতিবেদন দিয়েছিলেন। ফেয়ারফিল্ডের এই পর্যালোচনায় কেসির পর থেকে মেটের অগ্রগতি যাচাই করা হয়েছে।
১১ মাসের মাঠপর্যায়ের কাজ শেষে পর্যালোচনা দলটি দেখেছে, মেটে ‘কিছু সেরা পুলিশি কাজ এবং কিছু সবচেয়ে খারাপ কাজ’ দুটোই রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কেসির ১৪টি সুপারিশের কোনোটিতেই বাহিনীটি ভালো অগ্রগতি করতে পারেনি; নয়টি ক্ষেত্রে কিছুটা এবং পাঁচটি ক্ষেত্রে সীমিত অগ্রগতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্ণবাদের মোকাবিলায় কিছুটা অগ্রগতি হলেও মেট এখনো বর্ণবাদকে কাঠামোগত সমস্যা হিসেবে দেখতে চায় না। আত্মরক্ষামূলক মনোভাব ‘গভীরভাবে প্রোথিত’ রয়ে গেছে বলেও এতে বলা হয়েছে। ফেয়ারফিল্ড সাংবাদিকদের বলেন, ‘মেট বর্ণবাদকে স্বীকার করতে হিমশিম খায়। কিন্তু নামটাই যদি না নিতে পারে, মুখোমুখি হবে কীভাবে? আর মুখোমুখি না হলে সমাধানই বা হবে কীভাবে?’
কমিশনার মার্ক রাউলি পর্যালোচনার সুপারিশগুলো গ্রহণ করেছেন, তবে বলেছেন, কিছু ‘তকমা’ নিয়ে রাজনীতিকরণ করা বিতর্কে তিনি জড়াতে চান না। তিনি বলেন, ‘বর্ণবাদ শব্দটি ব্যবহার করতে আমি ভয় পাই না। এটি ব্যবহার করতে ও এর মোকাবিলা করতে আমাদের কোনো সমস্যা নেই।’ তিনি জানান, বাহিনী থেকে ১,৮০০ কর্মকর্তা ও কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে উদ্বেগ জানাতে আত্মবিশ্বাসী মাত্র ৪৪ শতাংশ কর্মী; এক-চতুর্থাংশ বলেছেন তাঁরা ‘তেমন আত্মবিশ্বাসী নন’ এবং আরও ১৭ শতাংশ বলেছেন, তাঁদের উদ্বেগে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা ‘মোটেই আত্মবিশ্বাসী নন’।
এলজিবিটি সম্প্রদায়ের আস্থাও ফেরেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সিরিয়াল খুনি স্টিফেন পোর্টের মামলায় বিপর্যয়কর ব্যর্থতার পর ক্ষতিগ্রস্ত সেই আস্থা এখনো উন্নত হয়নি, এবং বাহিনীটি এখনো এলজিবিটি+ ভুক্তভোগীদের বিষয়ে ভুল ধারণা পোষণ করে ও কখনো কখনো তাঁদেরই দোষারোপ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, সংসদীয় ও কূটনৈতিক সুরক্ষা কমান্ডসহ বদ্ধ সাংস্কৃতিক পরিবেশগুলোতে সংস্কৃতির সমস্যা চিহ্নিত করে পুরোপুরি মোকাবিলা না করলে ‘আরও কেলেঙ্কারি ঘটার সম্ভাবনা খুব বেশি’। এভারার্ডের খুনি ওয়েইন কুজেন্স এবং ধর্ষক ডেভিড ক্যারিক দুজনেই ওই কমান্ডে দায়িত্ব পালন করেছিলেন।

