মোস্তাফিজ-সাকিব নেই, আইপিএল নিলামে নাম লিখিয়েছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকা, না থাকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জানা গেল, বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারের নাম নেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের প্রাথমিক তালিকায়। তবে তিনি না থাকলেও ১২ বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন।
ক্রিকবাজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ গতকাল এক প্রতিবেদনে মোস্তাফিজের নাম না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও তালিকায় নেই।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল এবং তাসকিন আহমেদ।
এই ১২ ক্রিকেটারের কেউই এর আগে আইপিএলে খেলেননি। ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় হবে আইপিএল নিলাম।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১২ ক্রিকেটারের মধ্যে ইমন, রিশাদ, শামীম, তানজিম সাকিব, মেহেদী হাসান ও রিপন সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত খেলছেন। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে রিপন ডেথ ওভারে ইয়র্কারে ব্যাটারদের রান আটকাতে কার্যকরী অবদান রেখেছিলেন।
শরীফুল, হাসান ও তাসকিন বাংলাদেশের পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন। লেগ স্পিনার রিশাদ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ ব্যাশে তাঁর লেগস্পিন দেখিয়েছেন, ব্যাটিংয়েও ক্যামিও ইনিংস খেলার সামর্থ্য তাঁর রয়েছে।
মেহেদী টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে বোলিংয়ে রান আটকানোর কাজটা ভালো পারেন, ব্যাটিংয়েও ক্যামিও ইনিংস খেলার সামর্থ্য তাঁর রয়েছে। হৃদয় বাংলাদেশের মিডল অর্ডারের ভরসা হয়ে উঠেছেন, বিশেষ করে লেগ সাইডে বল পেলে সপাটে ছক্কা মারতে পারেন তিনি। রুবেল ও ইমনের সঙ্গে সাইফ বর্তমানে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলছেন।
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৫ লাখ টাকা। আইপিএলের ইতিহাসে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হয়েছিলেন। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি (২ কোটি ৬৮ লাখ টাকা)। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাঁকে নিয়েছিল কলকাতা।
কিন্তু এ বছরের ৩ জানুয়ারি তাঁকে বাদ দেওয়ায় তুমুল হইচই হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি।
রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানস—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ। ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত তিনি ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট, ইকোনমি ৮ দশমিক ১৩। এ বছর আইপিএল খেলতে না পারলেও তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন, লাহোর কালান্দার্সের জার্সিতে ২০২৬ পিএসএলে ৭ দশমিক ১৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। তাঁকে নিয়েছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডসও।



