মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব যশোরের মনিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামের বায়েজিদ হোসেনের ছেলে। তিনি বায়েজিদ হোসেনের দুই ছেলের মধ্যে বড়।
তিন বছর ধরে বিপ্লব মালয়েশিয়ার শাহ আলম শহরে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করছিলেন। কাজের পাশাপাশি তিনি সেখানে একটি বহুতল ভবনের নয়তলায় বসবাস করতেন।
বিপ্লবের বাবা বায়েজিদ হোসেন বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে বিপ্লব বড়। তিন বছর ধরে সে মালয়েশিয়ার শাহ আলমে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করত। পাশাপাশি সে সেখানে একটি বহুতল ভবনের নয়তলায় বসবাস করত। গতকাল বিকেলে বিপ্লব বাসায় ছিল। সেখান থেকে নিচে পড়ে সে মারা গেছে।’
তবে কীভাবে নয়তলা থেকে নিচে পড়েছেন বিপ্লব, তা পরিবারের সদস্যরা নিশ্চিত নন।
এ ঘটনায় যশোরের মনিরামপুরের মাঝিয়ালি গ্রামে তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।



