…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

আইপিএল নিলামে ফিরলেন স্টোকস: ২ কোটির ভিত্তিমূল্যে ২৯ ক্রিকেটার, তালিকায় নেই মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
আইপিএল নিলামে ফিরলেন স্টোকস: ২ কোটির ভিত্তিমূল্যে ২৯ ক্রিকেটার, তালিকায় নেই মোস্তাফিজ
ছবি: সংগৃহীত

বছর দুই আগেও আইপিএলের মেগা নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। তবে পুরোনো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ২০২৭ আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় রয়েছে তাঁর নাম। বাংলাদেশি মুদ্রায় এই ভিত্তিমূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।

শুধু স্টোকসই নন, ২০২৭ আইপিএলের নিলামে তাঁর পাশাপাশি আরও ২৮ ক্রিকেটার ২ কোটি রুপির ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন। এই ২৯ ক্রিকেটারের মধ্যে আছেন কেবল দুই ভারতীয়—আবেশ খান ও দীপক চাহার। দুজনই পেসার, যাঁদের মধ্যে দীপক ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন।

সর্বোচ্চ আট ক্রিকেটার আছেন নিউজিল্যান্ড থেকে। সেই আট কিউই ক্রিকেটার হলেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্ট ও উইলিয়াম ও’রুর্কে।

২ কোটি ভিত্তিমূল্যের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন করে আছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে। স্টোকসের পাশাপাশি ইংল্যান্ডের অন্য ক্রিকেটাররা হলেন জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, সনি বেকার ও টম কারান। অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বড় নাম ডেভিড ওয়ার্নার। আরও আছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ঝাই রিচার্ডসন, মাহলি বিয়ার্ডম্যান ও স্পেনসার জনসন।

তিন আফগান ক্রিকেটার হলেন ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও রহমানউল্লাহ গুরবাজ। ভারতীয়দের মতো ২ কোটির ভিত্তিমূল্যে দুইজন করে আছেন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকেও। দুই প্রোটিয়া ক্রিকেটার হলেন অ্যানরিখ নরকিয়া ও জেরাল্ড কোয়েটজি। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার হলেন মাথিশা পাতিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন শাই হোপ ও শিমরন হেটমায়ার।

১৬ ডিসেম্বর গোয়ায় হবে এই নিলাম। ২০২৫ সালের মেগা নিলামের আগে চালু হওয়া নিয়ম অনুযায়ী, আইপিএলে আগে খেলেছেন এমন কোনো ক্রিকেটার মেগা নিলামে নাম নিবন্ধন না করলে পরবর্তী মিনি নিলামেও অংশ নিতে পারবেন না। এই নিয়মের কারণে ২০২৭ আইপিএলের নিলামের আগে নাম নিবন্ধনের সুযোগ ছিল না স্টোকসের।

ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ২০২৫ সালের মেগা নিলাম থেকে সরে দাঁড়িয়েছিলেন স্টোকস। এ বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। ২০২৪ সালের দ্য হান্ড্রেডের পর আর কোনো টি-টোয়েন্টি খেলেননি তিনি। ১০০ বলের সেই টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। ২০২৫ সালের শুরুতে এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার কথা ছিল তাঁর। তবে এবারও চোট তাঁর খেলার পথে বাধা হয়ে দাঁড়ায়।

আইপিএলে তিনটি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে স্টোকসের। সবশেষ ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস তাঁকে ১৪ কোটি ৫০ লাখ রুপিতে (১৯ কোটি ৫৪ লাখ টাকা) দলে নিয়েছিল। তখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৩ সালে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে (২২ কোটি টাকা) তাঁকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। তবে হাঁটুর সমস্যায় সেবার মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।

এদিকে আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকা-না থাকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জানা গেছে, বাংলাদেশের অভিজ্ঞ এই বাঁহাতি পেসারের নাম নেই ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের প্রাথমিক তালিকায়। তবে তিনি না থাকলেও ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন বলে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

খেলা

দুইবার পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ২-২ ড্রয়ে এক পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘ…

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা
খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা।…

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের
খেলা

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দ…