তৃতীয়বার যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকা, ২০২৮ আসরে খেলবে ১৬ দল
তৃতীয়বার যুক্তরাষ্ট্রে বসতে চলেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই চলবে আসর। লাতিন আমেরিকার ১০ দেশের পাশাপাশি কনক্যাকাফ অঞ্চল থেকে ৬ দল অংশ নেবে। লাতিন আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৬ সালে শতবর্ষী আসর এবং ২০২৪ সালের পর এটি হবে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার তৃতীয় আয়োজন। কনক্যাকাফ অঞ্চল থেকে কোন ৬টি দেশ খেলবে, তা নির্ধারিত হবে ২০২৭ গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। টুর্নামেন্টের স্টেডিয়ামগুলোর নাম এখনো জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট ফিরিয়ে আনা নিয়ে কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডোমিঙ্গুয়েজ বলেছেন, ‘কনমেবল কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের পরিচয়, আমাদের ইতিহাস এবং লাতিন আমেরিকান ফুটবলের মহত্ত্বের একটি অংশ। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।’
তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে কনক্যাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক মৈত্রী এবং পুরো মহাদেশজুড়ে ফুটবলের বিকাশ ঘটানোর অভিন্ন অঙ্গীকার আরও সুদৃঢ় হবে। এই নতুন আসরটি আবারও প্রমাণ করবে, ফুটবলের কোনো সীমানা নেই এবং আমরা যখন বড় কিছু অর্জনের স্বপ্ন দেখি, তখন আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি।’
যুক্তরাষ্ট্রের কোন শহরগুলোতে ম্যাচ হবে, তা চূড়ান্ত না হলেও ২০২৪ সালের আসরের অভিজ্ঞতায় মিয়ামি, নিউ জার্সি, সান ফ্রান্সিসকো, ডালাস, আটলান্টা ও হিউস্টন আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। কানসাস সিটি, ফিলাডেলফিয়া, শার্লট ও ডেনভারও ভালো অবস্থানে আছে।
২০২৮ সালের জুলাইয়ে লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হবে। তাই শহরটিতে কোপা আমেরিকার ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য মেজর লিগ সকারের তুলনামূলক ছোট স্টেডিয়ামগুলো ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ইন্টার মিয়ামির নতুন স্টেডিয়ামের পাশাপাশি ন্যাশভিল এসসি, এফসি সিনসিনাটি ও সেন্ট লুইস সিটি এসসির মাঠগুলো সম্ভাব্য ভেন্যুর তালিকায় থাকতে পারে।
এর আগে ২০১৬ সালের ফাইনাল হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, আর ২০২৪ সালের ফাইনাল হয়েছিল মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। ২০২৮ সালের ফাইনাল নতুন কোনো শহরে আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
