…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হার, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন দিন পার হওয়ার আগেই শেষ হয়ে যাওয়া এই পরাজয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে ধবলধোলাই হলো নাজমুল হোসেন শান্তর দল। এর আগে জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেঞ্চুরিয়নে টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

প্রথম ইনিংসে কেবল তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। মাহফিজুল ইসলাম ৪০ বলে সর্বোচ্চ ২৩ রান করেন। ৪২ বলে ১৯ রান করেন তাওহীদ হৃদয় এবং ৫১ বলে ১৮ রান করেন মুমিনুল হক। লিটন দাস করেন ৮ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন নেন ৩টি করে উইকেট। এনরিখ নর্টজে ২ উইকেট এবং উইয়ান মুল্ডার ও সিমন হার্মার নেন একটি করে উইকেট।

জবাবে দক্ষিণ আফ্রিকা ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে প্রথম ইনিংসেই ৪০৩ রানের লিড পেয়ে যায় স্বাগতিকরা। প্রোটিয়াদের ইনিংসে সেঞ্চুরি করেন দুজন—মার্কুইস অ্যাকারম্যান ১৫০ এবং উইয়ান মুল্ডার ১০০ রান করেন। মার্কো ইয়ানসেন অপরাজিত ৬৭ এবং টনি ডি জর্জি ৬৬ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নেন। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও তাওহীদ হৃদয় নেন একটি করে উইকেট।

ইনিংস হার এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হতো ৪০৪ রান। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান ওঠে। তবে ১৫তম ওভারে মুল্ডারের বলে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের গ্লাভসবন্দি হন ৪৮ বলে ২৯ রান করা তানজিদ হাসান। দলীয় ৫৮ রানেই মুল্ডারের টানা দ্বিতীয় ওভারে শূন্য রানে ফেরেন মুমিনুল হক।

এরপর মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ৬২ বলে ৭টি চারের সাহায্যে ৩৮ রান করা মাহফিজুল ইসলাম রবিন। ৭৮ রানে তিন উইকেট হারিয়ে তখন ধুঁকছিল বাংলাদেশ।

চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় ৭৬ বলে ৫০ রানের জুটি গড়েন। ইয়ানসেনকে এক ওভারে তিনটি বাউন্ডারি মারা হৃদয় শেষ পর্যন্ত ৩৩ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪১ রান করে কাগিসো রাবাদার শিকার হন। ১২৮ রানে চার উইকেট পড়ার পর শান্ত ও লিটন দাস ৩০ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

লিটন দাসকে ফিরিয়ে শান্ত-লিটনের জুটি ভাঙেন মুল্ডার। এরপর ওই স্পেলেই মাত্র চার ওভারের মধ্যে পাঁচ উইকেট তুলে নেন এই পেসার। জাকের আলী ও শরিফুল ইসলামকে টানা দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন তিনি। এই স্পেলেই টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম পাঁচ উইকেটের দেখা পান মুল্ডার। পরে শান্তকে ৩৪ রানে এবং তার পরের ওভারে তাসকিন আহমেদকে বোল্ড করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন তিনি।

সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৯.৪ ওভারে ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৪১ রান করেন তাওহীদ হৃদয়। মাহফিজুল ইসলাম ৩৮, নাজমুল হোসেন শান্ত ৩৪, তানজিদ হাসান ২৯, লিটন দাস ১৫ এবং তাসকিন আহমেদ ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে উইয়ান মুল্ডার ১১ ওভারে ৩১ রানে ৭ উইকেট নেন, যা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। মার্কো ইয়ানসেন ২ উইকেট এবং কাগিসো রাবাদা নেন ১ উইকেট।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

তৃতীয়বার যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকা, ২০২৮ আসরে খেলবে ১৬ দল

তৃতীয়বার যুক্তরাষ্ট্রে বসতে চলেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই চলবে আসর। লাতিন আমেরিকার ১০ দেশের পাশ…

খেলা

আইপিএল মিনি নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব, আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার

আইপিএলের আসন্ন মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পাননি মুস্তাফিজুর রহমান। নিলামের জন্য তিনি নাম নিবন্ধন করেছেন বলে গুঞ্জন উঠলেও মঙ্গলবার প্রকাশিত …

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…