…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চলা তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই তদন্তের ভিত্তিতে বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, আর তদন্তের আওতায় বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প খাতও রয়েছে।

গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই তদন্ত চালাচ্ছে। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং তাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না। বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানি হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফলে এখন মোট শুল্ক দাঁড়িয়েছে ২৫ শতাংশ। নতুন করে শুল্ক বসালে তা এর সঙ্গে যুক্ত হবে।

এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর ট্রাম্প প্রশাসন নানা অজুহাতে বাড়তি শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, এ ধরনের শুল্ক মুক্তবাজার অর্থনীতির নীতির বিরুদ্ধে। একটি কারখানার মালিক তাঁর রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন; চাহিদা কমে গেলে ওই সক্ষমতা থেকে যায়। তাঁর ভাষায়, অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি এবং বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক। আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা সেই বোঝা বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিতে চাইবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প হিসেবে এই নতুন শুল্ক আরোপ করা হবে। ইউএসটিআর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের আশঙ্কা কম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কিং অ্যান্ড স্প্যালডিং আইন প্রতিষ্ঠানের অংশীদার রায়ান মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। তবে প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে বলে তাঁর মত।

তদন্তের আওতায় থাকা অন্য অংশীদারদের মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া; তালিকায় ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে, যদিও চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।

নতুন শুল্ক আরোপের বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি ইউএসটিআর কার্যালয় ও হোয়াইট হাউস।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ
অর্থনীতি ও ব্যবসা

ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ

শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার…

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …