…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

শকুন বাঁচাতে সুন্দরবনের করমজলে ১০ দেশের প্রতিনিধিদের দুই দিনের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
শকুন বাঁচাতে সুন্দরবনের করমজলে ১০ দেশের প্রতিনিধিদের দুই দিনের সম্মেলন
ছবি: সংগৃহীত

এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সুন্দরবনের করমজলে শুরু হয়েছে ‘সেভিং এশিয়াজ ভালচার্স ফ্রম এক্সটিংশন (সেভ)’-এর বার্ষিক সম্মেলন। আজ বুধবার সকালে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে ১০টিরও বেশি দেশের ৪৫ জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সংরক্ষণবিদ, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

বাংলাদেশ বন বিভাগ আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এ ছাড়া সহায়তা দিচ্ছে দ্য পেরেগ্রিন ফান্ড ও দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষণবিদ ইনাম আল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভের চেয়ারম্যান জেমাইমা প্যারি-জোনস এবং স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, শকুন সংরক্ষণে বাংলাদেশ আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে দুটি ‘শকুন নিরাপদ এলাকা’ ঘোষণা, ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ করা এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে পশুচিকিৎসায় কিটোপ্রোফেন নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শকুনের জন্য সম্পূরক খাদ্য সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইটের মাধ্যমে গতিবিধি অনুসরণ, উদ্ধার ও পুনর্বাসন এবং জাতীয় সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম অখণ্ড ম্যানগ্রোভ বনটি মহাবিপন্ন বাংলা শকুনের বাংলাদেশে অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটির আবাসস্থল। এটি দেশের দ্বিতীয় শকুন নিরাপদ এলাকার কেন্দ্রে অবস্থিত।

সম্মেলনে এশিয়াজুড়ে শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা, বৈজ্ঞানিক তথ্য বিনিময় এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা বৃদ্ধি ও আন্তসীমান্ত সংরক্ষণ নিয়ে আলোচনা হবে।

আয়োজকেরা জানান, শকুন খাবারের সন্ধান ও চলাচলের সময় প্রায়ই এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে যায়। তাই এদের দীর্ঘমেয়াদি টিকে থাকা নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। এই সম্মেলন আঞ্চলিক অংশীদারত্ব জোরদার এবং শকুন সংরক্ষণে অভিন্ন কর্মপরিকল্পনা তৈরিতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

সমুদ্রঘেরা মালদ্বীপে প্রথমবার মিলল বিরল পাহাড়ি পাখি রুফাস-টেইলড রক থ্রাশ

চারদিকে নীল সমুদ্র, প্রবালদ্বীপ আর সমতল ভূমির দেশ মালদ্বীপে এবার দেখা মিলেছে বিরল এক পাহাড়ি পাখির। ‘রুফাস-টেইলড রক থ্রাশ’ নামের এই পাখি দেশটিতে প্রথম…

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ…

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ
আবহাওয়া ও পরিবেশ

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ

চারদিকে গাছ আর গাছ, কোথাও বিশাল বৃক্ষের ছায়া আর জলাশয়, কোথাও নানা রঙের ফুল—অথচ জায়গাটি রাজধানী ঢাকার মিরপুরে। কংক্রিটের নগরীতে জাতীয় উদ্ভিদ উদ্যান…

সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে
আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস…