ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতা ও চা বিক্রেতা আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটক দুজনের একজন স্থানীয় বইয়ের দোকানের মালিক, অন্যজন রেলস্টেশনের চা বিক্রেতা।
গতকাল মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৮) ও বারকোনা (স্টেশনপাড়া) এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৬৩)। রাজ্জাক স্থানীয় কিশোর লাইব্রেরির মালিক ও বই ব্যবসায়ী; জাহাঙ্গীর ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেন।
ওসি শহিদুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাঙ্গীর ও রাজ্জাক আওয়ামী লীগের সক্রিয় কর্মী। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁদের আটক করা হয়েছে। পরে তাঁদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে মিছিল বের করেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
ওই হামলায় তৎকালীন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম ও যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
ঘটনার পর ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন। বিস্ফোরক আইনে করা ওই মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।




