হুথিদের যুদ্ধের পরিকল্পনা ও পরিচালনা ইরানই করছে, বললেন ইয়েমেনের সামরিক মুখপাত্র

ইরান-সমর্থিত হুথিদের পরাজিত করে বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ পুনর্দখলের অঙ্গীকার করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। তাদের সতর্কবার্তা, তেহরান সরাসরি এমন এক যুদ্ধের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত, যার প্রভাব ইয়েমেনের সীমানার বাইরেও বিস্তৃত।
মঙ্গলবার এক ব্রিফিংয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সরকারি মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি সাম্প্রতিক সামরিক বিপর্যয়ের কথা স্বীকার করেন, তবে জোর দিয়ে বলেন, সরকারি বাহিনী হুথি আক্রমণ মোকাবিলায় প্রস্তুত।
আল-নুজাইলি বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত যুদ্ধ নয়। যুদ্ধক্ষেত্রে আমরা যা দেখেছি, তা প্রমাণ করে আমরা শুধু হুথিদের মুখোমুখি নই। এটি ইরানি যুদ্ধ: এর অস্ত্র ইরানি, এর পরিকল্পনা ও কমান্ড ইরানি, আর এর পরিচালনা ও সময় নির্ধারণও ইরানি।’
কর্নেল বলেন, বাইরের সরবরাহ নেটওয়ার্ক হুথিদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও উন্নত ইলেকট্রনিক যুদ্ধসক্ষমতা দিয়েছে, যার ফলে গোষ্ঠীটি প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলতে পারছে। তিনি বলেন, ‘ইরান হুথিদের পৃষ্ঠপোষক, তাদের গডফাদার।’
আল-নুজাইলি বলেন, ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সঙ্গে কাজ করা ২১ জন বিদেশি বিশেষজ্ঞকে শনাক্ত করেছে। তাঁদের মধ্যে ১৪ জন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) এবং সাতজন হিজবুল্লাহর সদস্য বলে অভিযোগ করা হয়। তাঁরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান, নৌ-হামলা এবং লক্ষ্যবস্তু হিসেবে বাণিজ্যিক জাহাজ বাছাইয়ে সহায়তা করছেন বলে অভিযোগ। তিনি বলেন, ‘আর আমাদের কাছে এর প্রমাণ রয়েছে।’
ব্রিফিংটি এমন সময়ে এল, যখন ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, হুথিরা এখন বাব আল-মান্দেব প্রণালির উপকূল এবং লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত জলপথের মাঝখানে অবস্থিত মায়ুন দ্বীপ নিয়ন্ত্রণ করছে।
আল-নুজাইলি বলেন, ‘বাব আল-মান্দেব আমাদের অগ্রাধিকার হিসেবেই রয়েছে। আমরা একবার মাত্র কয়েক দিনে এটি পুনর্দখল করেছিলাম। আমরা আবার তা পুনর্দখল করব, আর এবার আমরা উপকূলের পাশাপাশি পাহাড়গুলোও ধরে রাখব।’
তিনি সতর্ক করে বলেন, তেহরান এই জলপথকে ওয়াশিংটনের বিরুদ্ধে দর-কষাকষির হাতিয়ার হিসেবে দেখে। তাঁর ভাষায়, ‘বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ ইরানের কৌশলের কেন্দ্রে রয়েছে। হরমুজ প্রণালির পাশাপাশি এটি তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি অবস্থানে আরেকটি তাস দেয়, আর আলোচনার টেবিলে নিজের শর্ত উন্নত করার উপায় দেয়।’
তবে ইয়েমেনি কর্মকর্তারা সতর্ক করেছেন, হুথিরা ক্রমেই নিজস্ব আন্তঃদেশীয় নেটওয়ার্ক গড়ে তুলছে, যার মধ্যে সোমালিয়াভিত্তিক আল-শাবাবের সঙ্গে সহযোগিতাও রয়েছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য কোনো সমঝোতা হলেই হুমকি দূর হয়ে যাবে—এমন নয়। আল-নুজাইলি বলেন, ‘আইএস যখন একটি মাত্র ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল, বিশ্ব কেঁপে উঠেছিল—এবং ব্যবস্থা নিয়েছিল। আজ হুথিদের হাতে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।’
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাষ্ট্রদূত মারওয়ান আলি আল নোমান ট্রাম্প প্রশাসনের সমর্থন এবং হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, একই সঙ্গে আরও বেশি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা কাউকে আমাদের হয়ে এই যুদ্ধ লড়তে বলছি না। আমরা অংশীদার চাইছি।’ তিনি বলেন, ইয়েমেন সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও উপকূলরক্ষী সহায়তা চাইছে।




