বাংলাদেশসহ ১৬ অংশীদারের পণ্যে নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, হার হতে পারে ১৫ থেকে ২৫ শতাংশ
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত বিশেষ তদন্ত শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসব দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে কার্যকর শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে হার নির্ধারণ করা হতে পারে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা তুলনামূলক কম বলেও ওই সূত্র জানিয়েছে।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় প্রধান বাণিজ্যিক অংশীদারদের বেশির ভাগের বিরুদ্ধে এই তদন্ত পরিচালনা করেছে ইউএসটিআর। গত মার্চে তদন্তটি শুরু হয়; একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি।
তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া; এর বাইরে ইউরোপীয় ইউনিয়নও তালিকায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার রায়ান মাজেরাস মনে করেন, তদন্তের বিস্তারিত প্রতিবেদনে ১৬টি অংশীদারের জন্য পৃথক শুল্কের সুপারিশ থাকতে পারে। তাঁর ধারণা, প্রস্তাবিত হার ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
মাজেরাসের মতে, জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগ না করার অভিযোগে আগে আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে। তবে প্রশাসন চাইলে প্রথমে কম হারে শুল্কের প্রস্তাব দিয়ে, সংশ্লিষ্ট দেশ পদক্ষেপ না নিলে ধাপে ধাপে তা বাড়ানোর শর্তও রাখতে পারে।
বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ সীমা নতুন শুল্কের ক্ষেত্রে অনুসরণ করতে পারে হোয়াইট হাউস। সেই চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের সীমা রয়েছে।
চীনের ক্ষেত্রে দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে, তবে তা নির্ভর করছে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা নবায়নের ওপর। সমঝোতা নবায়ন না হলে চীনের ওপর শুল্ক আরও বাড়তে পারে।
অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বেশি দায়ী করছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, চীন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে সরবরাহ করছে। বেইজিং এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগও তদন্তের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় কারখানা স্থাপন করে চীনা প্রতিষ্ঠানগুলো আগের শুল্ক এড়িয়ে মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি করছে।
দুটি তদন্তের লক্ষ্য ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহালের পথ তৈরি করা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে দিয়েছিলেন। ইউএসটিআর ও হোয়াইট হাউস রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।



