…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে হিউম্যান হলার ও অটোটেম্পো রুটে নির্ধারিত পারমিটের কয়েক গুণ বেশি গাড়ি চলাচলের অভিযোগ উঠেছে। এতে চালকদের আয় কমলেও রুট ও স্ট্যান্ড নিয়ন্ত্রণের নামে দৈনিক লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

নগরের ব্যস্ততম ১৭ নম্বর রুটে—চকবাজার, কাজীর দেউড়ি, লালখানবাজার, আগ্রাবাদ হয়ে বড়পোল পর্যন্ত—বিআরটিএর নির্ধারিত হিউম্যান হলারের অনুমতি রয়েছে মাত্র ৪০টি গাড়ির। বাস্তবে এই এক রুটেই নিয়মিত চলছে আড়াই শতাধিক, ক্ষেত্রবিশেষে তিন শতাধিক গাড়ি।

এই রুটে সরাসরি কোনো বাস চলাচল না করায় হিউম্যান হলারই একমাত্র গণপরিবহন; সেই সুযোগে অবৈধভাবে গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

অনুসন্ধানে জানা গেছে, এসব গাড়ির মধ্যে নিটল মোটরস লিমিটেডের অধীনে ৬০টি, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের ৪০টি এবং চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার চালক মালিক ঐক্য পরিষদের নামে প্রায় ১০০টি গাড়ি রয়েছে। এর বাইরেও এসব সমিতির অধীনে আরও অর্ধশতাধিক গাড়ি অবৈধভাবে চলছে।

১০ বছর ধরে ১৭ নম্বর রুটে হিউম্যান হলার চালান আব্দুল হালিম (ছদ্মনাম)। তাঁর ভাষ্য, সারা দিনের খাটুনির পর যা আয় হয়, তার সিংহভাগ চলে যায় মালিকের জমা, শ্রমিক সংগঠনের চাঁদা আর লাইনম্যানের খরচ মেটাতে—সব মিলিয়ে দিনে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এর মধ্যে মালিকের জমা ১ হাজার ২০০ টাকা, ওয়েবিলের ২০০ টাকা এবং বাকি টাকা লাইনম্যান খরচ। দিনশেষে কোনো কোনো দিন মাত্র ৩০০-৪০০ টাকা নিয়ে তাঁকে বাসায় ফিরতে হয়।

শুধু ১৭ নম্বর রুটেই আড়াই শতাধিক গাড়ি থেকে ‘ওয়েবিল’ চাঁদা ও লাইনম্যান খরচের নামে দিনে প্রায় অর্ধলাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে, যা মাসে প্রায় ১৫ লাখ টাকায় দাঁড়ায়। এ নিয়ে চালক ও সমিতির লোকজনের মধ্যে মারামারি ও বাক্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।

নগরী হিউম্যান হলার চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি পরে কথা বলবেন জানালেও পরে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যান।

একই চিত্র ১১ নম্বর অটোটেম্পো রুটে—এ কে খান থেকে জিইসি মোড় পর্যন্ত এই রুটের পারমিট রয়েছে ১০৮টি গাড়ির, অথচ চলছে ২৬০টি গাড়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক বলেছেন, আগে গাড়ি চালিয়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করা যেত। এখন মালিকের জমা ১ হাজার টাকা এবং লাইনম্যান খরচসহ ৫০-১০০ টাকা চাঁদা দেওয়ার পর সারা দিনে ৪০০-৫০০ টাকা তুলতেই কষ্ট হয়। এ ছাড়া মাসে আরও ১ হাজার টাকা করে দিতে হয়।

১১ নম্বর রুটে ওয়েবিলের ১৫০ টাকা চাঁদা দাবি করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। ১৬ নভেম্বর এ কে খান মোড়ে টাকা দিতে অপারগতা জানালে চালক শাহাদাত হোসেনকে মারধর ও ছুরিকাঘাত করেন শ্রমিক সংগঠনের নেতা হাসান ও তাঁর অনুসারীরা। শাহাদাতকে বাঁচাতে এগিয়ে আসা তাঁর বন্ধু হাসানও ছুরিকাঘাতের শিকার হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সেই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় হত্যা মামলা হয়েছে।

সিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (হালিশহর) এ কে এম আসাদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশ বিভিন্ন সময় ১৭ নম্বর রুটে অবৈধ গাড়ি আটক করলেও পরে জরিমানা দিয়ে সেগুলো ছাড়িয়ে নেওয়া হয় এবং আবার রাস্তায় নামে।

আকবরশাহ থানা এলাকার ট্রাফিক ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, সব সময় নজরদারি করা সম্ভব হয় না; যখনই পাওয়া যাচ্ছে, অবৈধ গাড়ি আটক করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অং…

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ
জাতীয়

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের হালিশহর নয়াবাজার গোলচত্বরের দুই পাশের পৃথক অংশ দেবে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়কের এক পাশ এ…

জাতীয়

চট্টগ্রামে নকশা না মেনে ভবন নির্মাণ: চার মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা, সিলগালা ১০ ভবন

চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ও সড়কের জায়গা না ছেড়ে ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভ…

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপা…