…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত ৭ হাজার ৫৭৩ পরিবার মানবেতর জীবনে, ৭৫ শতাংশ চরম খাদ্যসংকটে

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে শহরের অনানুষ্ঠানিক বসতিতে আশ্রয় নেওয়া জলবায়ু বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ৭৫ শতাংশ চরম খাদ্যসংকটে রয়েছে। যৌথ গবেষণা প্রতিবেদন অনুযায়ী, সাতক্ষীরার অনানুষ্ঠানিক বসতিগুলোতে প্রায় ৭ হাজার ৫৭৩টি জলবায়ু বাস্তুচ্যুত পরিবার মানবেতর জীবনযাপন করছে।

সাতক্ষীরা শহরের উপকণ্ঠে এক সংকীর্ণ খুপরির বারান্দায় চট বিছিয়ে শুয়ে আছে চার বছর বয়সী অর্পিতা। তার মা হাসনা শ্যামনগর উপকূলীয় এলাকার ভাঙনের শিকার বাস্তুচ্যুত। হাসনা বলেন, ‘ঘরে চাল থাকলি ডাল থাকি না, ডাল থাকলি নুন শেষ। পোলাপাইনরে একটু দুধ-ডিম দিতি পারি না। বুকটা ফাটি যায়। সপ্তাহে একদিনও কপালে ডিম জোটে না।’

হাসনা আরও বলেন, বড়রা একবেলা না খেয়ে কাটিয়ে দিতে পারলেও বাচ্চাদের বোঝানো যায় না। প্রায়ই রাতে বাচ্চাদের আধপেটা খাইয়ে শুইয়ে রাখেন তিনি।

হাসনার পরিবারের শেষ সম্বল বলতে ছিল একটা ছাগল আর কয়েকটা হাঁস। নদীভাঙনে ভিটে হারানোর পর পেটের টানে সেগুলোও বিক্রি করে দিতে হয়েছে। এখন দিনমজুরির কাজ না পেলে তাঁদের হাঁড়িতে চাল ফোটে না।

সম্প্রতি শ্যামনগরের গাবুরা, দাতিনা, পদ্মপুকুর ও মুন্সীগঞ্জের উপকূলীয় এলাকা ঘুরে দেখা গেছে, নোনা জলের দাপটে তলিয়ে যাওয়া কৃষিজমি, ভেঙে যাওয়া ঘরবাড়ি আর জীবিকাহীন মানুষের চিত্র। বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে ৯০ দশমিক ৮ শতাংশ পরিবারের ঘরে কোনো খাবার মজুত নেই।

বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)-এর সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক বলেন, ‘২০২৬ সালের আগস্টজুড়ে সাতক্ষীরা পৌরসভার ৩৫টি অনানুষ্ঠানিক বসতির ৩৫৮টি পরিবারের ১ হাজার ৩৪১ জন সদস্যের ওপর এ সমীক্ষা পরিচালনা করে দেখেছি যে, সাতক্ষীরার অনানুষ্ঠানিক বসতিগুলোতে প্রায় ৭ হাজার ৫৭৩টি জলবায়ু বাস্তুচ্যুত পরিবার মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী এই সংখ্যা আরও বেশি।’

রেজাউল করিম সিদ্দিক বলেন, ‘প্রায় ৯৫ দশমিক ২ শতাংশ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা শিশুদের মুখে খাবার তুলে দিতে নিজেরা কম খাচ্ছেন বা না-খেয়ে থাকছেন। আর পেট চালাতে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার তাদের শেষ সম্বল উৎপাদনশীল সম্পদ বা গৃহস্থালি জিনিসপত্র বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।’

খানি ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)-এর দেওয়া পুষ্টিহীনতার চিত্রে দেখা যায়, বাস্তুচ্যুত এসব পরিবারে সপ্তাহে গড়ে মাছ, মাংস বা ডিম জোটে মাত্র ১ দশমিক ৯ দিন, দুধ ০ দশমিক ৯ দিন এবং ফল মাত্র ০ দশমিক ৬ দিন। ৯৯ দশমিক ৪ শতাংশ পরিবার চরম অর্থসংকট এবং ৭৮ দশমিক ৫ শতাংশ পরিবার নিত্যপণ্যের উচ্চমূল্যকে খাদ্যসংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

হাতের ছোট্ট একটি জাল দিয়ে মাছ ধরছিলেন সুধাংশু। তিনি বলেন, ‘এইডাই কত করি একজনের কাছ থেকে চেয়ে এনে কয়ডা মাছ ধরিচ্ছি। কিচ্ছু নাই, সব আইলায় ভাসি গেছে।’ সুধাংশু বলেন, বাঁধ ভেঙে নোনা পানি ঘরে ঢুকলে শুধু বাড়িঘর ভেসে যায় না, তাঁদের অস্তিত্বই শেষ হয়ে যায়। একের পর এক ঝড়ে ভিটেমাটি হারিয়ে শ্যামনগরে আশ্রয় নিয়েছেন তিনি, কিন্তু সরকারি জমিতে খুপরি বানিয়ে থাকায় কখন তাড়িয়ে দেওয়া হয়, সেই আশঙ্কাও তাঁর রয়েছে।

অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার অমিত রঞ্জন দে বলেন, ‘২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত দুর্যোগের কারণে বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন, যাদের ৬৩ শতাংশই ২০২০ সালের আগে ঘর হারিয়েছিলেন।’ তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পানির সংকটের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারেন।

বিশেষজ্ঞরা আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং ‘ক্ষয়ক্ষতি ও বিনষ্টি তহবিল’ (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) থেকে বাস্তুচ্যুতদের স্থায়ী আবাসন, নিরাপদ পানি, সামাজিক সুরক্ষা ও শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি জোরদারের পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, কেবল সাময়িক ত্রাণ নয়, টেকসই বিকল্প জীবিকা, জলবায়ু ন্যায়বিচার এবং নিরাপদ খাদ্য ও ভূমি অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল
জাতীয়

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল

যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এই সফরে সরকারের জবাবদিহি নিশ্চিতে ব্রিটিশ পার্লা…

জাতীয়

মজুরি বাড়িয়েও থামেনি অসন্তোষ: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ থামেনি গাজীপুরে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে বৃহস্পত…

যশোরের শ্যামকুড়ে জন্মনিবন্ধন সংশোধনে ২০-৩০ গুণ বেশি ফি নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ
জাতীয়

যশোরের শ্যামকুড়ে জন্মনিবন্ধন সংশোধনে ২০-৩০ গুণ বেশি ফি নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তির বিরুদ্ধে জন্মনিবন্ধনের ভুল সংশোধনের নামে সরকারি ফির বাইরে ২০ থেকে ৩০ গুণ বেশি টা…

ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নৈশভোজ
জাতীয়

ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নৈশভোজ

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাব…