যশোরের শ্যামকুড়ে জন্মনিবন্ধন সংশোধনে ২০-৩০ গুণ বেশি ফি নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তির বিরুদ্ধে জন্মনিবন্ধনের ভুল সংশোধনের নামে সরকারি ফির বাইরে ২০ থেকে ৩০ গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি এক নারীর জন্মনিবন্ধনে বয়স সংশোধনের জন্য তাঁর স্বামীর কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, পাসপোর্টের সঙ্গে মিল রেখে জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য এক সেবাগ্রহীতার কাছে তিন হাজার টাকা দাবি করেছেন তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২২ নভেম্বর ইউনিয়ন পরিষদের নিজ দপ্তরে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সচিব মৃণাল কান্তি স্থানীয় রিপন হোসেন নামে এক সেবাগ্রহীতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য সচিবকে তিন হাজার টাকা দাবি করতে শোনা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সেবাগ্রহীতা রিপন হোসেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের পাশের এলাকার বাসিন্দা। তিনি তাঁর ভাইপোর পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্মনিবন্ধন ডিজিটাল করাতে সেদিন পরিষদে গিয়েছিলেন।
এদিকে স্থানীয় লাউড়ি গ্রামের নাছিমা খাতুনের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মনিবন্ধনের বয়সের অসংগতি সংশোধন করতে তাঁর স্বামী মোর্শেদ আলমের কাছ থেকেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সচিবের বিরুদ্ধে।
মোর্শেদ আলম বলেন, স্ত্রীর জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছিল; পরে দেখা যায়, দুটিতে বয়সের পার্থক্য প্রায় তিন বছর। তিনি প্রায় তিন মাস আগে শ্যামকুড় ইউনিয়ন পরিষদে গেলে সচিব প্রথমে ৫০০ টাকা চান। তাঁরা কাগজপত্রসহ ২৫০ টাকা দিয়ে কাজ শুরু করতে বলেন এবং বাকি টাকা জন্মসনদ নেওয়ার সময় দিতে চান।
মোর্শেদ আলম আরও বলেন, এক সপ্তাহ পর যোগাযোগ করলে সচিব জানান, কাজটি ঢাকা থেকে করাতে হবে এবং এতে পাঁচ হাজার টাকা খরচ হবে। পরে কয়েক দফা কথা বলার পর তিনি আড়াই হাজার টাকার নিচে হবে না বলে জানান। শেষ পর্যন্ত তাঁর বিকাশ নম্বরে দুই হাজার টাকা পাঠানো হয়। পরদিন তাঁর স্ত্রীর বয়স সংশোধন করে ডিজিটাল জন্মনিবন্ধন দেওয়া হয়। টাকা পাঠানোর প্রমাণ হিসেবে বিকাশ লেনদেনের স্ক্রিনশট সংরক্ষণ করেছেন মোর্শেদ আলম।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে জানানো হয়েছিল। চেয়ারম্যান ফোন করে সচিবকে অনুরোধ করলেও তিনি তা রাখেননি।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলমগীর হোসেনের উপস্থিতি অনিয়মিত। এ সুযোগে সচিব স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন এবং বিভিন্ন সেবার নামে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করছেন। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হয়ে নিয়মিত বেলা ১১টা বা দুপুর ১২টার দিকে পরিষদে আসার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে সচিব মৃণাল কান্তি বলেন, মোর্শেদের স্ত্রীর জন্মনিবন্ধন ঠিক করে দেওয়ার পর তিনি খুশি হয়ে তাঁকে দুই হাজার টাকা বিকাশ করেছেন। আর রিপনের বাড়ি পরিষদের পাশে হওয়ায় সে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় অযৌক্তিক দাবি করে; সেগুলো পূরণ করতে না পারায় তাঁর কথার ভিডিও করে ফেসবুকে ছেড়েছে।
সচিব পাল্টা অভিযোগ তুলে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তানভীর হায়দার জটিল জন্মনিবন্ধনের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে তানভীর হায়দার বলেন, তিনি কোনো টাকাপয়সা নেন না এবং সচিব তাঁর বিরুদ্ধে এ ধরনের কথা বলায় ইউএনও তাঁকে শোকজ করেছেন।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, জন্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য সচিবের অতিরিক্ত টাকা দাবি করার অনেক অভিযোগ তাঁর কাছে এসেছে; তাঁকে বহুবার সতর্ক করা হলেও তিনি শোনেননি। তিনি আরও বলেন, রিপনের ভাইপোর জন্মনিবন্ধনে পাসপোর্টের সঙ্গে ইংরেজি নামের মিল করার জন্য সচিব তিন হাজার টাকা দাবি করেছেন—এমন ভিডিও দেখে ভুক্তভোগীকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং বিষয়টি তিনি নিজেও ইউএনওকে জানিয়েছেন।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিবের জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা চাওয়ার ভিডিও তাঁর নজরে এসেছে। এ অভিযোগে তাঁকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



